জাবিতে লোডশেডিংয়ের সময় এক ঘণ্টা পিছিয়েছে
এখন থেকে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লোডশেডিং কার্যকর থাকবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ঘণ্টার নির্ধারিত বিদ্যুৎ লোডশেডিংয়ের সময় পরিবর্তন করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে নির্ধারিত বিকাল ৪টা থেকে ৫টার পরিবর্তে এখন থেকে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লোডশেডিং কার্যকর থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সময় পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৬ এপ্রিল সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় জানায়, জাতীয় পর্যায়ে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয় এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনিক, শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিবেচনায় নিয়েই লোডশেডিংয়ের সময় বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
