২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে সড়কে নিহত ৫: ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

ওমরাহ শেষে ১৫ ফেব্রুয়ারি সৌদি আরবের জেদ্দা থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 07:40 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও দুই বোনকে হারানো ফাইজা আক্তার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে ফিরেছে। তবে সে তার পরিবারের চার সদস্যের মৃত্যুর খবর এখনও জানে না। 

সোমবার দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাড়িতে ফাইজার সঙ্গে সাংবাদিকরা কথা বলেন। এ সময় সে জানায়, তার বাবা-মা ও দুই বোন তার মতই সৌদি আরবে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সুস্থ হলেই তারা ফিরে আসবে। এবং সবাই মিলে গ্রামের বাড়িতে রোজার ঈদ করবে।    

সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০) ৩ ফেব্রুয়ারি তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বাড়ি থেকে ওমরাহ হজে যান। ওমরাহ শেষে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টার দিকে তারা জেদ্দা থেকে নিজেদের বাসায় ফিরছিলেন। 

এ সময় সড়ক দুর্ঘটনায় মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), বড় মেয়ে মেহের আফরোজ (১৩), ছোট মেয়ে দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার নিহত হন। তাদের সঙ্গে গাড়ির চালক মো. জিলানী বাবরও (৩০) মারা যান। 

মিজান-সুমি দম্পতির মেজ মেয়ে ১০ বছর বয়সী ফাইজা আক্তার দুর্ঘটনায় আহত হয়ে পাঁচদিন জেদ্দার বাদশাহ ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রোববার বিকাল ৩টার দিকে ফাইজাকে নিয়ে তার মামা তানভীর হোসেন দেশের উদ্দেশে রওয়ানা দেয়। সোমবার ভোরে তারা রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাড়িতে। 

তানভীর হোসেন বলেন, “ফাইজা এখনো জানে না তার বাবা-মা ও দুইবোন মারা গেছে। সে জানে তারা হাসপাতালে তার মত চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। সবার সঙ্গে সে ঈদ করবে।”

মরদেহগুলো জেদ্দা হাসপাতালের মর্গে রয়েছে এবং সেগুলো আনার প্রক্রিয়া চলছে বলে জানান তানভীর হোসেন।

ফাইজা আক্তার ভাটরা ইউনিয়নের টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।