মাইলস্টোনে বিমান বিধস্ত: ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি
“মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের নিহতের পূর্ণতালিকা নিয়ে টালবাহানা করা হচ্ছে।”
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পূর্ণতালিকা প্রকাশ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ময়মনসিংহের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউনহল জুলাই চত্বরে গিয়ে আবারও বিক্ষোভ করেন।
এতে আনন্দমোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, রয়েল মিডিয়া কলেজ, নটর ডেম কলেজ ও কমার্স কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
টাউনহল জুলাই চত্বরে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী নিয়ানুল বাশার নাঈম, রিশাদুল আলম প্রিন্স এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী সব্যসাচী দাস বক্তব্য রাখেন।
এ সময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি জানান এবং গায়েবানা জানাজা পড়েন।
নিয়ানুল বাশার নাঈম বলেন, “যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেখানে সব পরীক্ষার্থীরা রাত তিনটার সময় পরীক্ষার স্থগিতের ঘোষণা পায়।
“এছাড়া মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের নিহতের পূর্ণতালিকা নিয়ে টালবাহানা করা হচ্ছে।”
শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে বুধবার থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা।
