২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জুয়েল ভূঁইয়া কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2024, 06:37 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত জুয়েল ভূঁইয়া উপজেলার কৈলাটি ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক। তাকে পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দলীয় সাধারণ সদস্যপদও বাতিল করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের স্বাক্ষরিত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, “জুয়েল ভূঁইয়া কোথায়ও বিশৃঙ্খলা, সন্ত্রাস বা চাঁদাবাজি করার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার জন্যও অনুরোধ করা হল।”

উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, “চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই জুয়েল ভূঁইয়ার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ বা অপকর্মে জড়িতদের জায়গা হবে না।” 

এ বিষয়ে জানতে জুয়েল ভূঁইয়ার মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।