খুলনায় লেদ কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩
খুলনার উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, জোড়াগেইট এলাকার এসব উদ্ধার করা হয়।
খুলনা নগরীর একটি লেদ কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় জোড়াগেইট এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পাশের একটি লেদ থেকে যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
আটকরা হলেন- খুলনা সদরের নজরুল ইসলাম (৫৫), পশ্চিম বানিয়াখামার এলাকার রহমাতউল্লাহর ছেলে মো. আগবার আলী (৫৮) এবং বটিয়াঘাটার দারোগাভিটার মৃত আলী আহম্মেদের ছেলে শহিদুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, লেদটি নজরুল ইসলামের মালিকানাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কারখানাটি অন্তত ছয় মাস ধরে চলছে। অস্ত্র সরবরাহের তথ্য পেয়ে পুলিশ নজরদারি শুরু করে।
উপ-কমিশনার তাজুল ইসলাম বলেন, “এখানে পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি হত না। মূলত অস্ত্রের যন্ত্রাংশ ছাঁচের মাধ্যমে তৈরি করা হত। পরে সেগুলো অন্য একটি সেক্টরে পাঠিয়ে ফিনিশিং দেওয়া হত। অর্থাৎ এটি একটি চক্রের অংশ হিসেবে কাজ করছিল।
“যন্ত্রাংশগুলো অস্ত্রের প্রাথমিক কাঠামো তৈরির কাজে ব্যবহৃত হত। এ যন্ত্রাংশ দিয়ে অন্তত ৩০টি অস্ত্র তৈরি করা সম্ভব। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
