বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৯ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বগুড়ায় বিস্ফোরক ও হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের নয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে জেলার শেরপুর, সোনাতলা, ধুনটসহ বগুড়া সদর ও বিভিন্ন থানায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বগুড়া পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মো. রায়হান।
গ্রেপ্তাররা হলেন- শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান (৪৮), শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৫) এবং সোনাতলা উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান ঠান্ডু (৪০), ধুনট উপজেলার গোশাইবাড়ি ইউনিয়র আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম দুলাল (৪৫), উপজেলা যুবলীগের সদস্য সুমন হোসেন (৩৬) এবং চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা (৪২)।
এ ছাড়া বগুড়া সদরসহ বিভিন্ন থানা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
পুলিশ জানায়, শেরপুর থানায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির একটি দলীয় কর্মসূচিতে বিস্ফোরণ ও হামলার অভিযোগে মামলাটি করা হয়।
মামলাটি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এতে ১৪১ জনের নাম দিয়ে ও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, আবদুল হান্নান ওই মামলার এজাহারভুক্ত আসামি। তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তোফাজ্জল হোসেনকে মামলার আসামি করা হয়।
বুধবার সন্ধ্যায় অভিযানে চালিয়ে মির্জাপুর বাজার থেকে আবদুল হান্নান এবং ঘোলাগাড়ি বাজার এলাকা থেকে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সোনাতলা থানা পুলিশ জানায়, হাতবোমা বিস্ফোরণ ও বিএনপির এক কর্মীকে মারধরের মামলায় যুবলীগ নেতা মনিরুজ্জামান ঠান্ডুকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার বালুয়া ইউনিয়নের ছোটবালুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাতলা থানার ওসি কবীর হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে মনিরুজ্জামান ঠান্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় বুধবার রাতে আলাদা আলাদা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মো. রায়হান বলেন, বগুড়া সদরসহ বিভিন্ন থানা থেকে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, বগুড়ায় মিছিলের ঘটনা এবং সামনে অগাস্ট মাসকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
