দেশে ইলিশের উৎপাদন কমেছে: মন্ত্রী
১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।
দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ার কথা বলেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
তিনি বলেছেন, “একসময় বাংলাদেশে প্রচুর ইলিশ উৎপাদন হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে উৎপাদনে ভাটা পড়ে। দেশে ইলিশের উৎপাদন কমে গেছে। তবে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার ফলে কিছু অগ্রগতি হয়েছে। বর্তমানে দেশে বছরে পাঁচ লাখ টনের বেশি ইলিশ উৎপাদন হচ্ছে।”
মঙ্গলবার চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আমিন উর রশিদ ইয়াছিন এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি প্রতি বছর এক লাখ টন ইলিশ উৎপাদন বৃদ্ধি করা যায়, তবে ভবিষ্যতে তা ৩০ লাখ টনে উন্নীত করা সম্ভব হবে। এজন্য জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং জেলেদের সচেতনতা বাড়াতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
সরকার জাটকা সংরক্ষণে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় চালের পাশাপাশি তেলসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ছয় হাজার টাকা। এই সহায়তা জেলেদের জীবিকা নির্বাহে ভূমিকা রাখছে বলে জানান মন্ত্রী।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মেঘনা নদীর তীরে আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়। দেশের সব মানুষের কাছে পুষ্টিকর, সুস্বাদু পূর্ণবয়সী ইলিশ মাছ পৌঁছানোর লক্ষ্যে প্রচার চালাতে এ কর্মসূচি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
প্রতি বছরের মত এবারও সাগরে মাছ ধরা বন্ধ থাকবে প্রায় দুই মাস। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রাখার ঘোষণা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
