২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি থেকে অটোরিকশাসহ মেঘনায়, ১৩ ঘণ্টা পর ২ নারীর লাশ

বিশনন্দী ফেরি ঘাট থেকে অটোরিকশাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আড়াইহাজার থানার ওসি।

ফেরি থেকে অটোরিকশাসহ মেঘনায়, ১৩ ঘণ্টা পর ২ নারীর লাশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদী পার হওয়ার সময় ফেরি থেকে অটোরিকশাসহ পড়ে দুই নারী নিহত হয়েছেন।

দুর্ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর শনিবার বিকাল ৬টার দিকে অটোরিকশাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

ভোর ৫টার দিকে উপজেলার বিশনন্দী ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খালেদা বেগম (৫৫) এবং তার পুত্রবধূ ফারজানা বেগম (২২)।

ওসি বলেন, “সকাল থেকে খোঁজাখুঁজির পর বিকাল ৬টার দিকে অটোরিকশাটি নদী থেকে উদ্ধার করা হয় এবং এর ভেতরে মেলে নিখোঁজ দুই নারীর মরদেহ।”

এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় নিহত খালেদার ছেলে কামাল হোসেনকে (১৯) উদ্ধার করা হয়। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

স্বজনরা জানান, পরিবারটি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় থাকে। ঈদের ছুটিতে তারা নবীনগর উপজেলার গ্রামের বাড়িতে যাচ্ছিল।

কামালের চাচাতো ভাই মোসলেহ উদ্দিন বলেন, “ঈদের ছুটিতে চাচি, তার দুই ছেলে ও পুত্রবধূ বাড়ি ফিরছিলেন অটোরিকশায় করে। ফেরিতে উঠার কিছুক্ষণ পর একটি ঝাঁকুনির সময় অটোরিকশাটি নদীতে পড়ে যায়। আমার চাচাতো ভাই কামাল উঠতে পারলেও চাচি ও ভাবী বের হতে পারেননি।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, দুর্ঘটনার সময় অটোরিকশার চালক কুদ্দুছ ও ফারজানার স্বামী সাগর মিয়া পাশে দাঁড়িয়ে ছিলেন। অটোরিকশার ভেতরে বসেছিলেন অপর তিনজন।

স্বজনদের অভিযোগ, ফেরিটির পেছনে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। সামান্য ঝাঁকুনিতেই অটোরিকশাটি কাত হয়ে নদীতে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে সকালে ফেরিঘাটে গিয়েছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ফেরিতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”