কুষ্টিয়ায় ‘নির্বাচনি সহিংসতার জন্য’ বোমা তৈরি, গ্রেপ্তার ২
তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সক্রিয় হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ‘নির্বাচনি সহিংসতায় ব্যবহারের জন্য’ হাতবোমা তৈরির সময় সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
খোকসা থানার ওসি মোতালেব হোসেন বলেন, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোমসপুর পশ্চিম রেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা ফারুকের বাড়ি থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সক্রিয় হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫) এবং রাজনাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাজীব (৪০)।
ওসি বলেন, শনিবার বিস্ফোরক ও নাশকতা দমন আইনে মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।
