মানিকগঞ্জে যুবকের দেওয়া আগুনে স্ত্রীসহ ৩ জনই মারা গেলেন
যুবক হাসান আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মানিকগঞ্জের সাটুরিয়ায় যুবকের দেওয়া আগুনে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও শ্যালকের পর এবার চাচি শাশুড়ির মৃত্যু হয়েছে।
সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, বৃহস্পতিবার দুপুরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান শিরীন আক্তার (৫৫)।
এর আগে বুধবার বিকালে মারা যান ওই যুবকের স্ত্রী শারমিন আক্তার (৩০) ও চাচাত শ্যালক রুবেল (৩২)।
উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম গালা গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে ঢাকার ধামারাই উপজেলার রাজাপুর গ্রামের হাসান আলীর ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছরের এক ছেলে আছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল।
গত ১২ সেপ্টেম্বর শারমিন আক্তার বাবারবাড়ি এসে স্বামী হাসান আলীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এ খবর শুনে হাসান শুক্রবার সকালে শ্বশুরবাড়ি যান।
এদিকে, স্বামী আসার খবরে শারমিন তার চাচার বাড়িতে আশ্রয় নেন। হাসান চাচা শ্বশুরের বাড়ির শৌচাগারের উপর দিয়ে ফলস্ সিলিং ভেঙে কক্ষে প্রবেশ করে পেট্রোল ঢেলে শারমিনের শরীরে আগুন ধরিয়ে দেন।
শারমিনকে বাঁচাতে গিয়ে চাচি শিরীন আক্তার ও চাচাত ভাই রুবেলও দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শারমিন ও রুবেল মারা যান। বৃহস্পতিবার দুপুরে শারমিনের চাচি শিরীন আক্তারও মারা যান।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, এ ঘটনার ১৩ সেপ্টেম্বর শারমিনের ভাই শামীম বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করেন।
মামলায় হাসান আলীকে (৩৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন:
