হাজীগঞ্জ মেয়রের বিরুদ্ধে নারী কাউন্সিলরকে যৌন হয়রানির অভিযোগ
সব অভিযোগ অস্বীকার করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুব আলম লিপন।
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন একই পৌরসভার এক নারী কাউন্সিলর।
বুধবার বিকালে ওই পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন।
লিখিত বক্তব্যে মিনু আক্তার বলেন, গত ৩ অগাস্ট পৌরসভায় গেলে মেয়র মাহাবুব আলম লিপন তার ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে আমাকে ধর্ষণের চেষ্টা চালান। আমি কৌশলে ইজ্জত রক্ষা করে বের হয়ে আসি। এ ঘটনায় সব কাউন্সিল নিয়ে বৈঠক পর্যন্ত হয়েছে। তারপরও ২২ অগাস্ট ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির কাজীকে দিয়ে আমাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন মেয়র।
“বিভিন্ন সময় দেওয়া ওনার কুপ্রস্তাবে আমি রাজি না হওয়ায় উনি আমাকে পৌরসভার কোনো সুযোগ-সুবিধা দিচ্ছেন না।”
নারী কাউন্সিলর আরো বলেন, গত ৩১ অক্টোবর আমি মাসিক মিটিংয়ে উপস্থিত থাকলেও মেয়র হাজিরা খাতায় আমাকে স্বাক্ষর দিতে দেননি। আমি যে মিটিংয়ে উপস্থিত হয়েছি তা পৌরসভার সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে।
মিনু আক্তার অভিযোগ করে বলেন, আমি যদি মেয়রের কথা মতো না চলি তাহলে আমাকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছে। উনি যে আমাকে কুপ্রস্তাব দিয়ে ইজ্জত হানির চেষ্টা করেছেন আমার সহকারী কাউন্সিলর ভাই ও বোনেরা সব কিছু জানতেন।
“এ নিয়ে আমার সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। আজ তারা এ সব বিষয় নিয়ে মুখ খুলছেন না। আজ তারা ক্ষণিকের লোভ-লালসায় পৌরসভার মাধ্যমে অসাধু উপায়ে মেয়রের ছত্রছায়া বিভিন্নভাবে টাকা রোজগার বা উপার্জন করছেন।ওনার ক্ষমতার কারণে আমার সত্য কথাটাকেও তারা মিথ্যা বলে প্রচার করছেন, আমাকে খারাপ বলে অপবাদ দিচ্ছেন। ”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিনু আক্তার বলেন, “কাউন্সিলররা আমার কাছে ক্ষমা চেয়েছেন; কিন্তু মেয়র ক্ষমা চাননি। তিনি আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন মিনু আক্তার।
তিনি এ ঘটনার বিচার চেয়ে প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে মিনু আক্তারের স্বামী নূরে আলম, বাবা আনোয়ার হোসেন, মা ও তিন মেয়ে উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুব আলম লিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন।
লিপন বলেন, “এগুলো সব মিথ্যা ও বানোয়াট। ওই নারী কাউন্সিলরের বাড়ির একজন বাসিন্দা তার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেন। এই ঘটনায় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেন কাজী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন কাজীকে তদন্তের দায়িত্ব দিই অভিযোগ নিষ্পত্তির জন্য। কিন্তু পরপর তিনটি নোটিশের পরও তার ও তার পরিবারের অসহযোগিতার কারণে বিষয়টি সুরাহা করা যায়নি।
মেয়র আরও বলেন, “ওইসব ঘটনার জেরে মিনু আক্তার এসব মিথ্যা ও বানোয়াট কাহিনী রটিয়েছেন। এ ঘটনায় কাউন্সিলর মনির কাজী বাদী হয়ে মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে গত ১ নভেম্বর হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ এবং ২ নভেম্বর আদালতে মানহানির মামলা দায়ের করেছেন।
