২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় খালের কচুরিপানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে কয়েকদিন ধরে জোড়গাছা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 05:38 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

​পাবনার আটঘরিয়ায় একটি ছোট খালের কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া মাঠের ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান আটঘরিয়া থানার ওসি নাজমুল হক।

ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন বলেন, “সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা ক্যানেলের কচুরিপানার মধ্যে মরদেহটি ভেসে থাকতে দেখে। তারা ফোনে আমাকে লাশটি পড়ে থাকার খবর দেয়। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই এবং থানা পুলিশকে বিষয়টি জানাই।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গত কয়েকদিন ধরে জোড়গাছা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তার নাম বা পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

ওসি নাজমুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।