২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবহাওয়া অনুকূল: দেবতাখুম ভ্রমণে আর বাধা নেই

২৫ জনু পর্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম ভ্রমণে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 05:51 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

বৃষ্টি কমে আবহাওয়া অনুকূলে আসায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটকরা আগের মত ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

টানা ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে ২৫ জনু পর্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম ভ্রমণে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার বিকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, কয়েক দিন ধরে বৃষ্টি কমে আসছে। আবাহাওয়া ভাল দেখা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে দেবতাখুম ভ্রমণে আপাতত কোনো সমস্যা নেই। পর্যটকরা আগের মতই ভ্রমণ করতে পারবে।

“এখন যেহেতু বর্ষাকাল চলছে। কোনো সময় উজানের দিকে বৃষ্টি হতে পারে। সবার অবশ্যই লাইফ জ্যাকেট থাকতে হবে। সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে। এসব ব্যাপারে গাইডদের নির্দেশনা দেওয়া থাকবে।”

তবে বৃষ্টিজনিত কারণে কোনো রকম খারাপ আবহাওয়া দেখা দিলে সাময়িক সময়ের জন্য পর্যটনকেন্দ্র কেন্দ্রটি আবারও বন্ধ করা হতে পারে বলে জানান ইউএনও। 

দেবতাখুম পর্যটন কেন্দ্রের অবস্থান রোয়াংছড়ি উপজেলায়। বান্দরবান সদর থেকে এর দূরত্ব ৩০-৩৫ কিলোমিটার। জেলা শহর থেকে খোলা জিপ (স্থানীয়ভাবে চাঁদের গাড়ি) অথবা অটোরিকশায় রোয়াংছড়ি উপজেলার কচ্ছপলি পর্যন্ত যেতে হয়। এরপর চল্লিশ থেকে এক ঘণ্টার মত হাঁটা পথ।