ফেইসবুক পোস্টে ‘হা হা’, শিক্ষার্থীকে হুমকির অভিযোগ
ভুক্তভোগী সুকান্ত বর্মণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ব্যাচ ৫০-এর শিক্ষার্থী।
ফেইসবুকের পোস্টে হা হা প্রতিক্রিয়া দেওয়ার জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতির বিরুদ্ধে।
ভুক্তভোগী সুকান্ত বর্মণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ব্যাচ ৫০-এর শিক্ষার্থী।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতোমধ্যে ই-মেইলে লিখিত অভিযোগ দিয়েছেন এবং জাকসু কর্তৃপক্ষের কাছেও লিখিতভাবে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সুকান্ত জানিয়েছেন।
সুকান্ত অভিযোগ করেন, “দুটি ফেইসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়ার কারণে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি সরাসরি আমার ইনবক্সে এসে হুমকি দিয়েছেন। একজন ছাত্র প্রতিনিধির শিক্ষার্থীদের রিয়্যাক্ট দেখে হুমকি দেওয়া স্পষ্টতই জাকসুর গঠনতন্ত্রের পরিপন্থী।”
হুমকির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্ক্রিনশট প্রকাশ করে সুকান্ত বর্মণ বলেন, ফেসবুকে দেওয়া তার দুটি ‘হা হা’ রিয়্যাক্টের পেছনে নির্দিষ্ট কারণ ছিল।
কারণ হিসেবে তিনি বলেন, একটি পোস্ট ছিল ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে আসতে দেওয়া হবে না এমন দাবিকে ঘিরে। ওই দাবির যৌক্তিকতা নিয়ে সন্দেহ থাকায় তিনি সেখানে ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছিলেন। আরেকটি পোস্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা সমালোচনামূলক মন্তব্যের বিরুদ্ধে।
সুকান্ত বর্মণ বলেন, “ইতিহাসের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রাম ও অবদান অস্বীকার করার সুযোগ নেই। এ ধরনের মন্তব্যের প্রতিবাদ জানাতেই আমি ওই পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছিলাম।”
তিনি বলেন, জাকসু-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য কাজ করে। তাই কেউ যেন ব্যক্তিগত উদ্দেশ্যে জাকসুর নাম ব্যবহার না করেন, সেটিই তিনি চান।
এ বিষয়ে দুষ্টি আকর্ষণ করলে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ব্যক্তিগত পোস্টে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ থাকে এবং একজন ব্যবহারকারী তার অভিব্যক্তি অনুযায়ী সেই প্রতিক্রিয়া দিতে পারেন।
“কারও পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়ার কারণে তাকে প্রশ্নবিদ্ধ করা বা জবাবদিহির মুখে ফেলা অনধিকার চর্চা বলে আমি মনে করি।”
তার ভাষ্য, “কেউ রাজনৈতিকভাবে কোনো দলে যুক্ত না থাকলেও ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বা বিষয় ভালো লাগতে পারে, সেটি প্রকাশ করার অধিকার তার আছে।”
এ বিষয়ে জাকসুর এখতিয়ার প্রসঙ্গে জিতু বলেন, “ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত টাইমলাইনের বিষয়ে জাকসুর কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই।
“জাকসুর পক্ষ থেকে কোনো অভিযোগ বা পদক্ষেপ নিতে হলে সেটি অবশ্যই সংগঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হতে হবে। ভিপি-জিএসসহ মূল বডির সিদ্ধান্ত ছাড়া কেউ ব্যক্তিগতভাবে জাকসুর নাম ব্যবহার করতে পারে না।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী চিশতি বলেন, তিনি যখনই ফ্যাসিবাদবিরোধী বা বাংলাদেশ আওয়ামী লীগ-বিরোধী কোনো পোস্ট দেন, তখনই সুকান্ত বর্মণ সেখানে নিয়মিত ‘হা হা’ রিয়্যাক্ট দিতেন। সবশেষ এমন একটি পোস্ট দেওয়ার পর সুকান্ত সেখানে ‘হা হা’ রিয়্যাক্ট দেন।
তিনি বলেন, বিষয়টি খেয়াল করে তিনি সুকান্তের টাইমলাইনে গিয়ে দেখেন, সেখানে এমন অনেক পোস্ট রয়েছে যেখানে আওয়ামী লীগকে সমর্থন বা ডিফেন্ড করার মতো বক্তব্য রয়েছে।
চিশতির ভাষ্য, তিনি সুকান্তকে ইনবক্সে নমস্কার জানিয়ে জানতে চান তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না। সুকান্ত নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে তিনি তাকে জানান, ক্যাম্পাসে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে তিনি নিয়মিত এ ধরনের পোস্ট করছেন।
এসব পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়া তাদের সমর্থন করার মতো মনে হওয়ায় তিনি বিষয়টি নিয়ে আপত্তি জানান। তিনি সুকান্তকে বলেন, এ কারণে তার বিরুদ্ধে বিভাগে লিখিত অভিযোগ দেবেন।
“আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসুর একজন সদস্য হিসেবে ব্যক্তিগতভাবে এ অভিযোগ দেওয়ার কথা বলেছি,” যোগ করেন তিনি।
