২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের ছাল ছাড়িয়ে মায়ের মুখে অন্ন তুলে দেন জন্মান্ধ মুকলেস

“অন্ধ হয়েও সে কখনো কারও কাছে হাত পাতেনি।”

বিডিনিউজ২৪

আবুল হায়াত শাহীন. চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 11:45 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

চোখের কোণে জমাট বাঁধা গভীর অন্ধকার; পৃথিবীর আলো দেখার সুযোগ নেই। অথচ সেই অন্ধকারকে জয় করে অদম্য শক্তিতে জীবনের চাকা ঘুরিয়ে চলছেন ৫২ বছর বয়সী মুকলেস আলী। 

প্রায় তিন দশক ধরে কাঠের মিল থেকে গাছের গুঁড়ির ছাল ছাড়িয়ে ও খড়ি কুড়িয়ে যে সামান্য আয় করেন-তা দিয়েই বৃদ্ধ মাকে নিয়ে চলে তার ছোট্ট সংসার।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের আলী ও রুলি বেগম দম্পতির ছেলে মুকলেস আলী মুরসেদের জন্ম ১৯৭৪ সালের ২৩ অগাস্ট। 

পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, জন্মের পর কিছুটা দেখতে পেলেও ধীরে ধীরে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান। তবে সেই অন্ধত্ব কখনো তার কর্মস্পৃহাকে হার মানাতে পারেনি। 

প্রায় ১৬ বছর আগে বাবার মৃত্যুর পর থেকেই সংসারের হাল ধরেন মুকলেস। কাঠের মিলে গাছের গুঁড়ির ছাল ছাড়িয়ে ও খড়ি কুড়িয়ে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা আয় করেন। সেই সামান্য আয়েই বৃদ্ধ মাকে নিয়ে কোনো রকমে চলছে তাদের জীবন।

মুকলেসের মা রুলি বেগম বলেন, “ছোটবেলায় ছেলেকে ভাত খেতে দিলে কখনো থালার বদলে পানির গ্লাসে হাত দিত। তখন আমি বলতাম, ‘তুই কি দেখতে পাস না?’ সে কিছু বলত না। পরে বুঝতে পারি, আমার ছেলে আর দেখতে পাচ্ছে না।”

ছেলের কর্মজীবনের শুরুর কথা স্মরণ করে তিনি বলেন, “প্রায় ১৪-১৫ বছর বয়সে বাড়ির পাশের ‘বশিরউদ্দিন স-মিলে’ যাওয়া শুরু করে মুকলেস। প্রথমে ছোট ছোট কাঠের খড়ি কুড়িয়ে, গাছের গুঁড়ির ছাল ছাড়িয়ে বাড়িতে আনত। আমার স্বামী সেগুলো শুকিয়ে বিক্রি করতেন। 

“পরে মিলটি প্রায় দুই কিলোমিটার দূরে কলেজ মোড় এলাকায় স্থানান্তর হলেও মুকলেস সেখানে কাজ করা বন্ধ করেনি। আমি ছেলেকে রাস্তা পর্যন্ত এগিয়ে দেই। এরপর সে একাই প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিলে যায়।”

বশিরউদ্দিন স-মিলের মালিক এটিএম হাসানুজ্জামান বলছিলেন, “মুকলেস ছোটবেলা থেকেই আমাদের মিলে কাজ করে। আমাদের সঙ্গে তার সম্পর্ক ৩৫ থেকে ৪০ বছরের। এখনও সে একাই প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে মিলের সামনে আসে। আমরা তাকে ভেতরে নিয়ে যাই।”

তিনি বলেন, “গাছের গুঁড়ির গায়ে ইট দিয়ে ঠুকে ঠুকে ছাল ছাড়ায়। খড়ির বস্তা ভর্তি হলে মাথায় তুলে দেই, রাস্তা ধরিয়ে দিই। সন্ধ্যায় তার মা রাস্তার পাশে অপেক্ষা করেন, সেখান থেকে বাড়ি নিয়ে যান। অন্ধ হয়েও সে কখনো কারও কাছে হাত পাতেনি। নিজের কষ্টের উপার্জনে মায়ের মুখে খাবার তুলে দেয়।”

ওই স-মিলের কাঠ ব্যবসায়ী গোহিলবাড়ি গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন বলেন, “আমার ব্যবসার বয়স ৩০ বছর। শুরু থেকেই দেখছি মুকলেস এই কাজ করে। গাছের গুঁড়ির ছাল ছাড়িয়েই তার জীবিকা। তার সংসারও চলে এই কাজের টাকা দিয়ে।খুব মিশুক ও ভালো মানুষ।”

তবে মুকলেসের চোখের চিকিৎসা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “কেউ তার চোখের চিকিৎসার উদ্যোগ নেয়নি। যদি কোনোভাবে তার চিকিৎসা হতো, চোখের আলো ফিরে পেত-তাহলে খুব ভালো লাগত।

চোখের আলো ফিরে পাওয়ার আশা এখনও ছাড়েননি মুকলেস। তিনি বলেন, “আমি অন্ধ মানুষ, ভিক্ষা করতে চাই না কর্ম করে খেতে চাই। চোখের আলো ফিরে পেলে দুনিয়াটা দেখতে পেতাম আরোও ভালভাবে কাজকর্ম করতে পারতাম।” 

মুকলেস আলীর প্রতিবেশী তেলিপাড়া গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, “ছোটবেলা থেকেই তাকে কাজ করতে দেখছি। চোখে দেখতে না পেলেও বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের দেখাশোনার দায়িত্ব সে-ই পালন করছে।”

মুকলেসের দায়িত্ববোধের প্রশংসা করে তিনি বলেন, “সমাজে অনেক সুস্থ মানুষও বাবা-মায়ের দায়িত্ব নেয় না, অথচ মুকলেস অন্ধ হয়েও মাকে আগলে রেখেছে। কোনো বিত্তবান ব্যক্তি, প্রবাসী বা সরকার যদি পরিবারটির পাশে দাঁড়ায়, তাহলে তারা আরও ভালোভাবে বাঁচতে পারবে।”

মুকলেসের ছোট ভাই সোহেল রানা বলেন, “জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি বড় ভাই অন্ধ। ছোটবেলা থেকে মিলে কাজ করে সংসার চালায়। আমি আলাদা থাকি। একটি মসজিদে মুয়াজ্জেম হিসেবে স্বল্প বেতনে চাকরি করি। তিন সন্তান নিয়ে নিজের সংসারই কষ্টে চলে।”

পরিবারটির পাশে সরকারের সহযোগিতার কথা তুলে ধরে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন বলেন, “একজন দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও যে কর্মস্পৃহা তিনি দেখিয়ে যাচ্ছেন, তা সত্যিই ব্যতিক্রমী। আমরা সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় তাকে সহায়তা দিয়ে আসছি। তিনি নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। পাশাপাশি তার পরিবারের জন্য টিনও বরাদ্দ দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “তবে সমাজের বিত্তবান মানুষরাও যদি এগিয়ে আসেন, তাহলে তা তার জন্য বড় সহায়তা হবে। তার কর্মস্পৃহা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।”