২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান হাদির নামে হচ্ছে নলছিটি লঞ্চ ঘাট, প্রস্তুতি চলছে

বিআইডব্লিউটিএর বরিশালের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন এ তথ্য জানান।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ঝালকাঠির নলছিটি লঞ্চ ঘাট ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির নামে নামকরণ করা হচ্ছে।

বুধবার বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএর বরিশালের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদির জন্মস্থান নলছিটিতে। তাই নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে হাদির নামে করা হবে। এরই মধ্যে টার্মিনালের সংস্কার ও রংয়ের কাজ চলমান রয়েছে।

রোববারের মধ্যে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের লঞ্চ ঘাট পরিদর্শনের কথা রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তা।

নলছিটি পৌর শহরের বাসিন্দা মনির হোসেন বলেন, “আমরা ওসমান হাদির স্মরণে এমন কিছু করার দাবি করেছিলাম, যেটা স্মরণীয় হয়ে থাকবে। ওসমান হাদির নামে লঞ্চ টার্মিনালের নামকরণ হলে সেটাও স্মরণীয় হয়ে থাকবে। আমরা নলছিটিবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে।

পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়।