মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা আটক
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার সাহাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ সদর থানার টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ৪৮ বছর বয়সী আনন্দ মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার শিবু সাহার ছেলে।
পরিদর্শক রফিকুল বলেন, “ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, “ আনন্দ সাহা মূলত ৫ অগাস্টের আগে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
“এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলায় জড়িত ছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, সে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”
