জেলায় জেলায় জুলাই শহীদদের শ্রদ্ধা, যোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা
শোভাযাত্রায় স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ ব্যাপকহারে অংশ নেন।
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলায় জেলায় নানা কর্মসূচি উদযাপিত হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসন, রাজনৈতিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে জুলাই শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন জেলায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। এ সময় তাদের প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও বিশেষ উপহার দেওয়া হয়।
বিভিন্ন স্থানে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ ব্যাপকহারে অংশ নেন।
বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভুত্থান’ দিবস উদযাপিত হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকাল ৮টায় জুলাই গণঅভ্যুত্থানে বাগেরহাটের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন। পরে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াত ইসলামীর নায়েব আমির আব্দুল ওয়াদুদ, প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন ফিল্ম সোসাইটি কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন এলাকার ঘটে যাওয়া ঘটনার আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। রাত ১০টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
বরগুনা
জুলাই আন্দোলনে নিহত বরগুনার ১০ শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে জেলা প্রশাসন। সকালে বরগুনা সদরের কলিরতবক গ্রামের শহীদ মিজানুর রহমান এবং বুড়িরচর ইউনিয়নের মানিকখালী গ্রামের শহীদ আল আমিনের সমাধিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এরপর বেলা ১১টায় বরগুনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সিভিল সার্জন মোহাম্মাদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ‘জুলাই যোদ্ধা’ নওরীন জাহান মীমের (১৮) মা নাসরীন আক্তার, ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়িতে নিহত শহীদ সায়েমের মা শিউলি আক্তার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু, এপিপি নুরুল আমিন, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মহিবুল্লাহ হারুন, ইসলামী আন্দোলনের জেলা সহসভাপতি মুফতি জালালুদ্দিন কারীমি।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ ও আহতদের পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিকাল ৪টায় ক্রীড়া সংস্থা এবং সরকারি শিশু পরিবারের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুলাই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় নাটকের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় দুজন জুলাই শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহীদ শাহরিয়ার শুভর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
একই সময়ে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মাসুদ রানার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোর পর মোনাজাত করা হয়।
পরে সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
কুমিল্লা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লার ৩৮ শহীদের কবরে শ্রদ্ধা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় সদর দক্ষিণ উপজেলার রামপুর এলাকায় শহীদ মাসুম মিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। একই সময় বিভিন্ন উপজেলায় সমাধিস্থ ৩৮ শহীদের কবরে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই সম্মিলন’ অনুষ্ঠানে শহীদ পরিবারের স্মৃতিচারণ, শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করা হয়।
এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, জামায়াতে ইসলামীর মহানগর সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, এনসিপির জেলা সভাপতি সিরাজুল হক, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমান, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, মহানগর যুগ্ম সমন্বয়ক মাসুমুল বারী কাওসার। এ ছাড়া শহীদ মাসুম মিয়া, শহীদ হামিদুর রহমানের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ভগিরভিটা এলাকায় জুলাই শহীদ নুর আলমের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাইয়ে নিহত সবার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত ডেপুটি কমিশনার বি এম কুদরত এ খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর জেলার সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের এক সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মডেল মসজিদে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদারীপুর
জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কয়েকটি দল বিভিন্ন স্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে সেখানে মোনাজাত করা হয়।
জেলা শহরের সরকারি সমন্বিত ভবনের হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার নাইম হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল কীর্তনিয়া, পাউবোর নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, জুলাই আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
নওগাঁ
নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার নওগাঁয় ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় শহরতলীর দোগাছী গ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহত কলেজ ছাত্র মাহফুজ আলম শ্রাবণের কবরে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ার, জুলাই শহীদ পরিবারের সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এরপর নওগাঁ সদর উপজেলা অডিটরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
সকাল সোয়া ১০টায় মুক্তির মোড় শহীদ মিনারে নওগাঁ পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ হয়। সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা আমির খ ম আব্দুর রাকিব, নায়েবে আমির অধ্যাপক মো. মুহিউদ্দিন, সেক্রেটারি আ স ম সায়েম বক্তব্য দেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বাসদ শহরের মুক্তির মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে।
পঞ্চগড়
সকালে পঞ্চগড়ের পাঁচ শহীদ স্মরণে নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, জুলাই যোদ্ধা অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেদ আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সদর উপজেলার মীরগড় এলাকায় নির্মিত ‘শহীদ স্মৃতিবন’-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেদ আলী। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন ও আলোচনা সভা।
বিকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে মাঠে জেলা প্রশাসনের আয়োজন ‘জুলাই দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এবং সন্ধ্যায় আয়োজন করা হয় ‘জুলাই বিজয় উদযাপন কনসার্ট’।
শরীয়তপুর
সকালে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ইমরান আল নাজির, জেলা জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।
পরে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পালং উত্তর বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের কাছে গিয়ে শেষ হয়।
শেরপুর
সকাল ৯টায় সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তারাগড় নামাপাড়ায় জুলাই শহীদ মাহবুব আলমের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সূচনা করেন। পরে বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের উদ্দেশে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর শহরের কলেজ মোড়ে শহীদ মাহবুব চত্বরের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে জেলা শিল্পকলা একাডেমির সামনে জেলা পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও বৃক্ষরোপণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নাটিকা ‘জুলাই ৩৬’ প্রদর্শন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামনুর রহমান উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল
জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিল্পকলা একাডেমীতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহ্বায়ক আল আমিন, সদস্যসচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমানসহ আহত ও নিহতের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।
গাজীপুর
গাজীপুরের বিভিন্ন এলাকায় সকালে জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া এলাকায় শহীদ ইলিম শিকদার ও শহীদ আব্দুল্লাহ আল মামুনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন ও পুলিশ সুপার চৌধুরী এম যাবের সাদেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, শহীদ পরিবারের সদস্যসহ অন্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে কবরের পাশে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার এরশাদনগরের এলাকায় শহীদ সানজিদ হোসেন মৃধা ও নাফিসা হোসেন মারওয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুজ্জামান হিমু, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা) মুশফিকুল আলম, পুলিশের টঙ্গী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মাহিউল, টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদ হোসেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
‘জুলাই-অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিনোদপুর হয়ে তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল থেকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জোহা চত্বরে জড়ো হন।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বক্তব্য দেন।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
