Published : 19 Apr 2026, 06:43 PM
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম এই আদেশ জারি করেন।
তিনি বলেন, “বিএনপির দুটি পক্ষ একই এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তা বলবৎ থাকবে।”
তারাকান্দা থানার ওসি তানভীর আহম্মেদ বলেন, “যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহর অনুসারীদের সঙ্গে বিএনপির পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের সঙ্গে নানা ইস্যুতে বিরোধ চলছে।
এ বিরোধের জের ধরে সম্প্রতি দুটি পক্ষের মধ্যে মারপিটের ঘটনাও ঘটে। এতে স্থানীয় যুবদলের রিয়াদ নামের এক কর্মী সংসদ সদস্যের পক্ষ নিয়ে তর্কে জড়ান। তর্ক-বির্তকের এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে আহত হন রিয়াদ। তিনি ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের অনুসারি হিসেবে পরিচিত।
মূলত ওই ঘটনার প্রতিবাদে রোববার তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন শাকিলের অনুসারীরা। এ খবরে মোতাহার হোসেনের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষণা করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
নেতাকর্মীরা জানান, বিবাদমান দুটি পক্ষের মধ্যে একটি পক্ষ বিগত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়। দলীয় বিরোধের কারণে অল্প ভোটের ব্যবধানে আসনটি হারায় বিএনপি।