নেত্রকোণায় যুবককে হত্যা: ২ সহোদর গ্রেপ্তার ঢাকায়
গত ২৩ মে উপজেলার একটি বাজারের কাছে যুবককে কুপিয়ে হত্যা করা হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় ঢাকা থেকে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান।
গ্রেপ্তাররা হলেন- দুর্গাপুর উপজেলার দক্ষিণ পাথারিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আবু রায়হান (১৯) ও মো. নাইম (২১)।
হত্যার শিকার যুবক মাসরুল (২০) একই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
গত ২৩ মে উপজেলার একতা বাজারের কাছে মাশরুলকে কুপিয়ে হত্যা করা হয়।
মামলার নথির বরাত দিয়ে র্যাব জানায়, নিহত মাশরুল ও রায়হানরা একই গ্রামের প্রতিবেশী। কয়েক মাস আগে তাদের মধ্যে জমির বিরোধ নিয়ে এলাকায় সালিশ বসে। এর পর থেকে তাদের মধ্যে বিরোধ বাড়তে শুরু করে।
মাশরুল ও তার ভাই মাসুমকে হত্যার পরিকল্পনায় ২৩ মে সন্ধ্যায় স্থানীয় একতা বাজারের কাছে ওতপেতে থাকেন রায়হান, নাইমসহ কয়েকজন।
মাশরুল ও মাসুম বাজারের দিকে গেলে প্রথমে মাশরুলের গলায় ছুরিকাঘাত করা হয়। এতে তিনি বাজারের একটি দোকানের সামনে গিয়ে পড়ে যান। ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুমের পেটে-বুকে ছুরিকাঘাত করা হয়।
মামলায় আরও বলা হয়, আহত দুই ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে হামলাকারী আবু রায়হান ও নাইমকে আটক করেন। তবে সহযোগীরা জোর করে তাদের ছিনিয়ে নেন।
এদিকে, গুরুতর আহত মাশরুল ও মাসুমকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাশরুলকে মৃত ঘোষণা করেন। মাসুমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় একদিন পর মাশরুলের বাবা চাঁন মিয়া বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।
এতে আবু রায়হান ও নাইমসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়৷
তবে ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
র্যাব কর্মকর্তা মো. আশরাফুল কবির বলেন, প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে মামলার আসামি দুই ভাইকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হচ্ছে জানিয়ে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, “এ মামলার বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
