ছেলে হত্যার খবর শুনে লুটিয়ে পড়লেন মা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
জেলা পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আফসার বলেন, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক অটোরিকশা চালককে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ খবর শোনার পর তার মা মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান।
নিহত আতাউর রহমান আতা (৫৫) উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে। তার মায়ের নাম জহুরা খাতুন (৭৫)।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের সড়ক থেকে আতাউর রহমানের লাশ উদ্ধার করা হয়। প্রথমে পরিচয় জানা যায়নি। পরে স্বজনরা এসে পরিচয় শনাক্ত করে।
নিহত আতাউরের মামাতো ভাই আকরাম হোসেন বলেন, আতাউরের মরদেহ শনাক্ত হওয়ার পর তার মা জহুরা খাতুন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
জহুরা খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আতাউরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
জেলা পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আফসার বলেন, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
