২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর সেতুতে টোল দিতে নারাজ ব্যবহারকারীদের আন্দোলন

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 06:55 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

চাঁদপুর সেতুতে টোল দিতে নারাজ ব্যবহারকারীরা আন্দোলনে নেমেছেন।

সোমবার চাঁদপুরের বাইকাররা এ আন্দোলন শুরু করলেও শনিবার থেকে সাধারণ যানবাহন চালকরা একত্রিত হয়ে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের গাছতলা এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলে দুপুর ১টা পর্যন্ত। 

পরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ এসে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নির্মাণের ১৯ বছর হতে চললেও সেতুর টোল আদায় বন্ধ না করে নতুন করে মোটরসাইকেলে ৫ টাকা করে টোল চালু করায় বিক্ষোভ ও মানববন্ধন শুরু হয়।

এদিকে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে নেতৃত্বদানকারী চাঁদপুর বাগাদী এলাকার জাকির হোসেন হিরু।

নাজমুল হাসান নামে ক্ষুব্ধ এক মোটরসাইকেল চালক বলেন, “আমরা বাইকাররা এই সেতু দিয়ে সবসময় আসা-যাওয়া করি। দীর্ঘ বছর ধরে সেতুর টোল আদায় বন্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন এলাকাবাসী। জাতীয় সংসদেও একাধিকবার টোল বন্ধের দাবি তুলে প্রস্তাব করা হয়। কিন্তু তা বন্ধ না করায় সবাই বিক্ষোভে ফেটে পড়েছেন।”

চাঁদপুর সিএনজিচালিত অটোরিকশা সমিতির সভাপতি আবুল বাশার বলেন, “আমরা এই সেতুতে প্রায় ১৯ বছর ধরে টোল দিয়ে আসছি। এতে অনেকে এই সেতু দিয়ে একাধিকবার যাতায়াত করায় গড়ে প্রতিদিন দেড়শ থেকে ২০০ টাকা টোল দিয়ে আসছে। ফলে চালকরা লোকসান গুনছেন। আমরা বার বার এই টোল বন্ধের দাবি করলেও তা বন্ধ হচ্ছে না।“

জাকির হোসেন হিরু বলেন, “এই সেতুতে আর কোনো প্রকার টোল আদায় হোক তা চাই না। এ টোল বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

জানা গেছে, ২০০৫ সালে চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর উপর চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ‘চাঁদপুর সেতু’। 

২০০৫ সালের ১৭ মার্চ এই সেতুর উদ্বোধন করেন সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

২৪৮ মিটার দৈর্ঘ্যের এই সেতু দিয়ে প্রতিদিন ছোট-বড়-মাঝারি ধরনের হাজার হাজার যানবাহন যতবার চলাচল করে তত বারই টোল দেওয়া লাগে।

ফলে দীর্ঘ ১৯ বছরে সেতু নির্মাণ ব্যয়ের দ্বিগুণ অর্থ সরকারি কোষাগারে জমা হলেও বন্ধ হয়নি টোল আদায়। 

প্রতিদিন এ সেতু দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাসহ পাশের লক্ষ্মীপুর, নোয়াখালী ও দক্ষিণাঞ্চলের শত শত যানবাহনে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। 

টোল আদায় বন্ধ না হওয়ায় গাড়ির চালকরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মারুফ হোসেন বলেন, “এই সেতুতে টোল আদায়ে সব সময়ের মত এবারও তিন বছরের ইজারা দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা টোল দিতে নারাজ হলেও তারা কোনো প্রকার স্মারকলিপি বা চিঠি দেননি। 

“তবে এর আগে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের তখনকার সংসদ সদস্য (প্রয়াত) শামছুল হক ভূঁইয়া টোল বন্ধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেন। কিন্তু এ নিয়ে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি।” 

মোটরসাইকেল থেকে ৫ টাকা করে টোল আদায়ের বিষয়ে তিনি বলেন, “ইজারাদাররা আগে কেন মোটরসাইকেল থেকে টোল আদায় করেননি এবং এখন কেন করছেন এই ব্যাখ্যা তারাই দেবেন।”

এ বিষয়ে ইজারাদার প্রতিনিধি মো. কাকন বলেন, “সরকারি নীতিমালা অনুযায়ী চাঁদপুর সেতুতে টোল আদায় করা হচ্ছে।” 

টোল আদায়ের রসিদ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, “প্রতিদিন শত শত সিএনজি-অটোরিকশা যাতায়াত করে, এত দ্রুত সবাইকে রসিদ দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা বড় যানবাহনগুলোতে রসিদ দিয়ে থাকি।”

মোটরসাইকেলে টোল আদায়ের বিষয়ে তিনি বলেন, “গত ৫ বছর মোটরসাইকেল থেকে কোনো টোল আদায় করা হয়নি। এখন সরকার থেকে মোটরসাইকেলে টোল আদায়ের জন্য আমাদের চাপ প্রয়োগ করা হচ্ছে। তাই মোটরসাইকেল থেকে ৫ টাকা করে টোল নেওয়া হচ্ছে।”