জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
“শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের মানুষের স্বার্থে যেন জ্বালানি ব্যবহারে আমরা সাশ্রয়ী হই। সেইভ করলে আমরা জ্বালানি দীর্ঘ সময় ব্যবহার করতে পারব।”
জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, “শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের মানুষের স্বার্থে যেন জ্বালানি ব্যবহারে আমরা সাশ্রয়ী হই। সেইভ করলে আমরা জ্বালানি দীর্ঘ সময় ব্যবহার করতে পারব। আমরা যদি সেইভ করতে পারি তাহলে জ্বালানি কম আমদানি করতে হবে।
“এতে বৈদেশিক মুদ্রার খরচ হবে কম। জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাভাবিকতা বজায় রাখতে হবে। স্বাভাবিকতা বজায় রাখার জন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকবে।”
শুক্রবার বিকাল ৫টায় নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসে সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়ে মন্ত্রী বলেন, “আমরা সবাই মিলে যদি ঠিক করি, যে আমরা সতর্ক থাকব এবং অহেতুক বিপদে পরব না, তাহলে সবই স্বাভাবিক থাকবে। ৬টার পর থেকে পিক আওয়ার শুরু হয়।
“সেই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাব। এবং যেটা আমরা সেইভ করলাম, সেই সেভিংসটা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারব। এটাই স্বাভাবিকতা।”
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “সৌদি আরবসহ যেসব জায়গা থেকে এলপিজি গ্যাস আমদানি করা হয়, সেখানে দাম বৃদ্ধি পাওয়ায় দেশে দাম বেড়েছে। তবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে।”
জ্বালানি সংকটের কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হবে কি-না এমন প্রশ্নের জবাবে খন্দকার মুক্তাদির বলেন, “শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নেই। কারণ যেসব শিল্প গ্যাস দ্বারা পরিচালিত হয় সেসব শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়। সেভাবেই জ্বালানি মন্ত্রণালয় তার গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেছে।”
জাপানের সঙ্গে একটি ‘ইকোনমিক পার্টানারশিপ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে জানিয়ে তিনি বলেন, “চুক্তিটি এখনো পার্লামেন্টে পাশ হয়নি। সেটি পাশ হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা আশা করছি আগামীতে জাপানি বিনিয়োগে বেশি বেশি আকৃষ্ট করতে পারব।
“আমরা অনেকগুলো দেশের সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এগুলো সম্পন্ন হলে এলডিসি গ্যাজুয়েশনের পরেও আমরা বিভিন্ন দেশে আমাদের পণ্য প্রবেশের ক্ষেত্রে প্রেফার ট্রিটমেন্ট পাব।”
এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হাদি পাভেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
