২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে প্রাণ গেল স্বামীরও

ঘরের বৈদ্যুতিক তারের ছেঁড়া জায়গায় স্কচটেপ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নিলুফা বেগম।

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে প্রাণ গেল স্বামীরও
আজিজুল মল্লিক।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 08:18 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঘরের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেছেন তার স্বামীও। 

শনিবার বিকালে কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিক কান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে রোববার সকালে জানিয়েছেন জাজিরা থানার ওসি হাফিজুর রহমান।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত নাজিমুদ্দিন মল্লিকের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

নিহতের চাচাতো ভাই বোরহান মল্লিক বলেন, “আজিজুল ভাইয়ের বসতঘরের বৈদ্যুতিক লাইনের একটি তার সামান্য ছেঁড়া অবস্থায় ছিল। শনিবার বিকালে ভাবি তারের ছেঁড়া জায়গায় স্কচটেপ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। আজিজুল ভাই বিষয়টি বুঝতে পেরে স্ত্রীকে বাঁচাতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।”

পরে স্বজনরা ঘরের মেইন সুইচ বন্ধ করে গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন ।

ওসি হাফিজুর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গেলে ওই কৃষকও গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।