২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু

তিন দিন আগে শরীয়তপুরের ওই যুবক মোটরসাইকেলে কাজে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন বলে জানান স্বজনরা।

মালয়েশিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
নিহত বিল্লাল মোড়ল।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 06:05 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শরীয়তপুরের জাজিরা উপজেলার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার জোহর বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের সদস্য রহিমা খাতুন।

নিহত বিল্লাল মোড়ল (৩০) উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি এলাকার আলাউদ্দিন মোড়লের ছেলে।

বিল্লাল মোড়লের ভাই রহমান মোড়ল বলেন, পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি দেন বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে জোহর বাহরু শহরে টাইলস মিস্ত্রীর কাজ করতেন। সবশেষ তিন বছর আগে ছুটিতে বাড়ি এসেছিলেন।

“বৃহস্পতিবার সকালে বিল্লাল প্রতিদিনের মতো নিজ মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। পথে সড়ক অতিক্রম করার সময়ে বাম দিক থেকে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়।

“পরে বিল্লালকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

বিল্লালের মারা যাওয়ার খবর দেশে পৌঁছালে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রহমান মোড়ল বলেন, “আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিল। এবার দেশে আসলে ওকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু একটি দুর্ঘটনা আমার ভাইয়ের জীবন কেড়ে নিল। শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই।”

বিল্লালের বন্ধু তসলিম ইমামুল হক বলেন, “ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। খুব ভালো ছেলে ছিল বিল্লাল। ওর এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা চাই সরকারিভাবে ওর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।”

ইউপি সদস্য রহিমা খাতুন বলেন, “বিল্লাল সম্পর্কে আমার ভাই। ওর মৃতদেহ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী মৃত্যুর ব্যাপারে কেউ তাকে জানায়নি। 

তবে পরিবারের পক্ষ থেকে আবেদন করলে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ইউএনও।