Published : 14 Nov 2025, 06:59 PM
অযথা আওয়ামী লীগের লোকদের গ্রেপ্তার না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
তিনি বলেছেন, “সরকার বাহাদুরকে বলি, এই প্রত্যেক দিন লোক ধইরা নিয়ে যান, বন্ধ করেন। আজকে থেকেই বন্ধ করেন, অন্ততপক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন। বৃহস্পতিবারের লকডাউনে সব জায়গাতেই কমবেশি পাঁচ থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
“এত সুখে থাইকেন না, ভালো হবে না। সেজন্য বলছি, অযথা আর কোনো লোককে লীগ বলে ধরবেন না। দেশের পুরাটাই তো আওয়ামী লীগ! মাওলানা ভাসানী আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ।”
শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটিতে নিজ গ্রামে জুমার নামাজের পর এলাকাবাসীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সবার আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিনতে পারায় শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, “শেখ হাসিনার অনেক পর আমরা অধ্যাপক ইউনূসকে চিনলাম। আমি তো বহু মানুষের পর চিনলাম। আমার কাছে অধ্যাপক ইউনূসকে অনেকটা ভালো মানুষ হত।
“আমি আজকে মসজিদের সামনে দাঁড়িয়ে বলছি, ইউনুস সাহেব আপনি বিদ্বান মানুষের, ভালো মানুষের, যোগ্য মানুষের পরিচয় দিতে পারেন নাই। শেখ হাসিনা বলতেন, আপনি ‘সুদখোর’, আমি ভাবতাম সে অন্যায় বলছে। আজকে বলছি, শেখ হাসিনা ঠিক বলেছে।”
এ সময় সদ্য কারামুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী উপস্থিত ছিলেন।