শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবি
বক্তারা শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে বলেন, এ জেলা ভৌগলিকভাবে ঢাকার কাছে।
ফরিদপুর বিভাগ ঘোষণার প্রক্রিয়ায় শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠনের ব্যানারে রোববার বিকালে পৌরসভা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তারা শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে বলেন, শরীয়তপুর জেলা ভৌগলিকভাবে ঢাকার কাছে। সামাজিক-অর্থনৈতিক দিক থেকে এখানকার মানুষ ঢাকার সঙ্গে জড়িত।
সমাবেশে আসা জনতা ‘জাগো জাগো শরীয়তপুর, যাবো না ফরিদপুর’- স্লোগান দেন। তারা নানা প্ল্যাকার্ডও বহন করেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার বলেন, “ফরিদপুর বিভাগের নামকরণ শরীয়তপুর জেলাকে বাদ দিয়ে অন্য জেলা নিয়ে করুক। ঢাকা বিভাগ থেকে বাদ দেওয়া হলে জেলার মানুষ তা মেনে নেবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক ইমরান আল নাজির বলেন, “আমরা ঢাকার সঙ্গে যাতায়াত করি। চিকিৎসা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই ঢাকাকেন্দ্রিক। হঠাৎ করে ফরিদপুর বিভাগে নেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। ঢাকা বিভাগের সঙ্গে শরীয়তপুরের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।”
‘জাগো শরীয়তপুর’ এর আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, “আমাদের দাবি স্পষ্ট, শরীয়তপুর জেলা ঢাকা বিভাগের সঙ্গেই থাকবে। অন্য কোনো বিভাগ আমরা মেনে নেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাছির উদ্দিন কালু, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রব হাশেমি, ছাত্র অধিকার পরিষদের জেলা আহ্বায়ক জীবন আহম্মেদ, সচেতন নাগরিক সমাজের সভাপতি পারভেজ মোসারেফ।
