বন্যা: কুড়িগ্রাম-গাইবান্ধায় অবনতি, নীলফামারী-লালমনিরহাটে অপরিবর্তিত
জীবন বাঁচাতে মানুষ নিজস্ব নৌকায়, উঁচু রাস্তায়, ফ্লাড শেল্টার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের নদীর পানি বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যেই কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি মারাত্মক রুপ ধারণ করেছে। অন্যদিকে তিস্তা নদীর পানি সকালে বৃদ্ধি পেলেও বিকাল থেকে কমতে শুরু করায় লালমনিরহাটে ও নীলফামারীতে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রামে পানিবন্দি প্রায় দুই লাখ মানুষ
কুড়িগ্রামে টানা ৬দিন ব্যাপী স্থায়ী বন্যায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ব্রহ্মপুত্র নদী তীরবর্তী বন্যা প্লাবিত এলাকার হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
এর মধ্যে শনিবার বিকালে নাগেশ্বরীর মিয়াপাড়া এলাকার দুধকুমার নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার ভেঙে নতুন করে ১২ গ্রামের ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি।
তিনি জানান, শনিবার বিকালে ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্টে ৬১ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে ৬৮ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ৭০ সেন্টিমিটার, ধরলা নদীর কুড়িগ্রাম ব্রিজ পয়েন্টে ১০ সেন্টিমিটার ও তালুক শিমুলবাড়ী পয়েন্টে ২৫ সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
আগামী কয়েকদিন এ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সরেজমিন দেখা যায়- প্রাথমিকভাবে মানুষ যেসব উঁচু স্থানে গবাদিপশু রেখেছে, গত দুদিনে হু-হু করে সেসব স্থানে পানি ওঠায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বন্যার্তরা। জীবন বাঁচাতে অনেকে নিজস্ব নৌকায়, উঁচু রাস্তায়, ফ্লাড শেল্টার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
গত পাঁচ দিন ধরে নৌকায় স্ত্রী, ছেলে ও দুই নাতিকে নিয়ে আশ্রয় নিয়েছেন উলিপুরের হাতিয়া ইউনিয়নের গুজিমারী গ্রামের শামসুল আলম।
তিনি বলেন, “ঘরের আসবাবপত্র, চাল-ডাল, কাপড়চোপড় ও মূল্যবান জিনিসপত্র যাতে হারিয়ে না যায় এজন্য নৌকায় আশ্রয় নিয়েছি। সারাদিন বৃষ্টির কারণে কিছু রান্নাবান্নাও করতে পারছি না। খুব সমস্যায় আছি।”
একই উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়ার মনসুর আলী জানান, “এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নিতে আসে নাই। চুলা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়ায় দুপুর গড়িয়ে গেলেও তবু পেটে কিছু পড়েনি।”
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের ছমিরন বলেন, “খোলা নৌকায় গাদাগাদি কইরা আছি। সরকারিভাবে চাল-ডাল-তেল পাইলেও লাকড়ির অভাবে আন্দোন-বান্দোন করবার পারতাছি না। পোলাপান খুব কান্না-কাটি করতাছে।”
উলিপুরের উপজেলার হকের চরের মতিউর বলেন, “ছোট মেয়েডা অসুস্থ। কোনো ডাক্তার পাইতাছি না। ঝাড়ফুঁক দিয়া রইছে।”
তবে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ জানান, ইউনিয়ন পর্যায়ে ৮৩টি মেডিকেল টিম বন্যা কবলিত এলাকায় কাজ করছে।
কিন্তু মাঠ পর্যায়ে কার্যত বন্যা কবলিত এলাকায় কাউকে দেখা মেলেনি। ওই সব গ্রামে গত কয়েক দিনে কোনো মেডিকেল টিম খোঁজ-খবর নেয়নি বলে বানভাসিরা জানিয়েছেন।
এই বিষয়ে সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিভিন্ন স্থানে মেডিকেল টিম কাজ করছে, হয়তো আপনারা যেদিকে খবর নিয়েছেন সেদিকে এখনো যায়নি।”
এদিকে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত ছয় হাজার ৬৬০ হেক্টর ফসলি জমি, বীজতলা ও শাকসবজি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার জানান, ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২টি এবং নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নের সবুজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫টি বন্যা দুর্গত পরিবার আশ্রয় নিয়েছে।
জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, চলমান বন্যায় ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৭১টি স্কুল, ৩২টি মাদরাসা ও ৬টি কলেজ রয়েছে।
তিনি আরও জানান, এছাড়াও চিলমারী নটারকান্দি উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী সরকালি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়, ডিগদারি নুনখাওয়া দাখিল মাদরাসা, রাজিবপুর কোদালকাটি উচ্চ বিদ্যালয় ও চর নেওয়াশী উচ্চ বিদ্যালয়ে বানভাসি মানুষ গরু-ছাগল নিয়ে এসব প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কোনো সমস্যা থাকলে আমাদের নজরে দেওয়া হলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবো। আমরা মিলিতভাবে বন্যার্তদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।
তিনি জানান, এখন পর্যন্ত দুর্গতদের জন্য ২৯১ টন চাল, ২১ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া বন্যা আক্রান্ত এলাকার এইচএসসি পরীক্ষার্থীদের যেকোনো সমস্যা হলে ইউএনও অথবা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতেও বলেছেন তিনি।
গাইবান্ধায় পানিবন্দি প্রায় ৬৮ হাজার পরিবার
গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। জেলার ৪ উপজেলার ২৯টি ইউনিয়নের প্রায় ৬৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল। রাস্তাঘাট ডুবে গিয়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।
বন্যা দুর্গত এলাকার লোকজন পরিবারের শিশু, বৃদ্ধ ও গবাদি পশু-পাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
জেলা-উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থাগুলো থেকে শুকনা খাবার, নগদ টাকা বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল।
শনিবার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছয়ঘড়িয়া এলাকায় সরেজমিন দেখা গেছে- তিস্তা নদী তীরের ঘরবাড়ি ও পথঘাট ডুবে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাওবা কোমরপানি, আবার কোথাওবা বুক সমান পানি। বানভাসিদের যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা কিংবা কলা গাছের ভেলা।
রান্না করার উপায় না থাকায় শুকনো খাবার খেয়েই কাটিয়ে দিতে হচ্ছে দিনরাত। তাও একবেলা আহার জুটলেও জুটছে না আরেক বেলা। টিউবওয়েলগুলো পানিতে ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছয়ঘড়িয়া এলাকায় বাসিন্দা লাজু মিয়া (৫২) বলেন, “শুক্রবার থেকে নদীর পানি খুব বাড়ছে। রাতে আমাদের বাড়িঘর প্লাবিত হয়েছে। রান্না করতে পারছি না। খুবই কষ্টে আছি।”
একই গ্রামের আবদুল কুদ্দুস (৪৫) বলেন, “কষ্ট করে খাবারের ব্যবস্থা করছি। কিন্তু প্রাকৃতিক কাজ সারতে সমস্যায় পড়েছি। বিশেষ করে নারীরা দুর্ভোগে পড়েছেন বেশি।”
কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার জানান, তার ইউনিয়নের ছয়ঘড়িয়া ও কালির খামার গ্রামের প্রায় ১ হাজার ৮০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় চাল বিতরণ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, শুক্রবার থেকে তিস্তা-করতোয়ার পানি আবারও বাড়তে শুরু করেছে। ব্রহ্মপুত্র ও ঘাঘটের পানি স্থির হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় পাউবোর বন্যা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়ার পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে এবং ঘাঘটের পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জুয়েল মিয়া জানান, বন্যায় গাইবান্ধা সদর উপজেলা পাঁচটি ইউনিয়নের ৩৯ হাজার ৮৮৯ পরিবার, সুন্দরগঞ্জের ৯টি ইউনিয়নের পাঁচ হাজার ২০০ পরিবার, সাঘাটার ৮টি ইউনিয়নের ১৫ হাজার ১৫০ পরিবার এবং ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়নের সাত হাজার ৪৯০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
তিনি আরও জানান, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে। কিছু সংস্থার স্বেচ্ছাসেবকরা বন্যা কবলিতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছেন।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, চলমান বন্যায় ইতোমধ্যে চার উপজেলায় দুই হাজার ৯৫৩ হেক্টর জমির আউশ ধান, পাট, ভুট্টা, আমন বীজতলা ও শাকসবজি পানিতে নিমজ্জিত রয়েছে। দ্রুত পানি নেমে গেলে ক্ষতি কম হবে। অন্যথায় ফসল পচে নষ্ট হয়ে যাবে।
গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল জানান, পরিস্থিতি মোকাবিলায় জেলা এবং উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ইউনিয়নভিত্তিক বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় মেডিকেল টিম, কৃষি টিম, স্বেচ্ছাসেবক টিম এবং লাইভস্টক টিম গঠন করা হয়েছে।
নীলফামারীতে বিপৎসীমার নিচে তিস্তার পানি
উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতে নীলফামারীতে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
শনিবার বিকাল ৩টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়।
এর আগে সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই পয়েন্টে নদীর পানি ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে রেখেছে ব্যারাজ কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
পরে সকাল ৯টায় পানি বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়ে দুপুর ১২টা পর্যন্ত তা অব্যাহত থাকে। বিকাল ৩টায় কিছুটা কমে ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে পানি কমা অব্যাহত রয়েছে।
এর আগে গত শুক্রবার বিকাল ৩টায় ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। তিস্তা ব্যারাজারে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
সকালে নদীর পানি বৃদ্ধির ফলে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করলেও মানুষের বাড়িঘরে পানি প্রবেশ করেনি। ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামটি তিস্তার প্রবেশ মুখ। ভারত থেকে তিস্তা নদী ওই গ্রাম দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে।
ওই গ্রামের বাসিন্দা আহেনুল ইসলাম জানান, রাতে হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। এতে করে গ্রামের অনেকের বাড়ির উঠানে পানি প্রবেশ করে। তবে দুপুরের পর থেকে পানি নেমে গেছে। তবে আবারো পানি বাড়ার শঙ্কা আছি।
ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, “নদীর পানি বৃদ্ধির ফলে শনিবার সকালে আমার ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর ও পূর্বছাতনাই মৌজায় পানি প্রবেশ করে। এতে করে প্রায় এক হাজার ৩০০ পরিবার পানিবন্দি হয়। দুপুরের পর থেকে পানি নামতে শুরু করেছে। তবে ফের পানি বাড়ার আশঙ্কায় রয়েছে এলাকার মানুষ।”
একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, “পানির তোড়ে ইউনিয়নের পূর্বখড়িবাড়ি গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত বালুর বাঁধটির প্রায় ১০০ মিটার বিধ্বস্ত হয়েছে। সেটি স্থানীয় উদ্যোগে বাঁশের পাইলিং ও বালির বস্তা ফেলে মেরামতের কাজ চলছে। তবে এখনো কোনো বাড়িঘরে পানি উঠেনি।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদ্দৌলা বলেন, “তিস্তা নদীর পানি কয়েকদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। শনিবার বেলা ১২টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বিকাল তিনটায় ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, বর্তমানে পানি কমা অব্যাহত রয়েছে।
“পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব কটি জলকপাট খুলে রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।”
লালমনিরহাটে ডুবে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চর
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে লালমনিরহাটে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে তিস্তা ও ধরলার পানি। এতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে।
তিস্তা ও সানিয়াজান নদীর পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়ি ও রাস্তা ঘাট পানি নিচে তলিয়ে গিয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। প্রায় হাজার পরিবারের ঘরবাড়িতে পানি উঠে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ফকিরপাড়া, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, গোবরর্দ্ধন ও সদর উপজেলার খুঁনিয়াগাছ, কালমাটি, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবরর্দ্ধন এলাকার হাসিনুর রহমান বলেন, “বর্ষা আসলে হামারগুলোর কষ্ট শুরু হয়া যায়। নদীত পানি বাড়লে, হামারগুলার বাড়ীতো পানি উঠে।”
মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, পানি বৃদ্ধির কারণে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে পানি প্রবেশ করে প্রায় তিন-চারশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব ওয়ার্ডের কিছু রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে।
সার্বিক বিষয়ে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, “বৃষ্টিপাত হলে নদীর পানি বাড়তে পারে। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি।”
বগুড়ায় বন্ধ ৫৩ শিক্ষাপ্রতিষ্ঠান
যমুনার পানি বৃদ্ধির ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশে এবং চরাঞ্চলের ৫৩টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় পানি উঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ করেছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে দেখা যায়, কোনো স্কুলের ক্যাম্পাসে হাঁটু পানি এবং কোনোটায় কোমর পানি হয়েছে। বন্যার কারণে শিক্ষার্থীরাও পরিবারের সঙ্গে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছে।
শনিবার ধুনটের শিমুল বাড়ি গ্রামে সরেজমিনে দেখা যায়, গ্রামের অর্ধেক বসত-বাড়ি পানির নীচে। প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় কোমর পানি। ছাত্রসহ-অভিভাবকরা আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে, কেউবা চলে গেছে স্বজনদের বাড়িতে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজওয়ানুর হোসেন জানান, সোনাতলা, সারিয়াকান্দী ও ধুনট উপজেলায় মোট ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী জানান, সোনাতলা, সারিয়াকান্দী উপজেলায় একটি মাদ্রাসাসহ ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে, শিক্ষকরা প্রতিদিন স্কুলের খোঁজ নিবেন এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, বগুড়ায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বদিকের ১৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে।
তবে উজান ঢলের গতি কমে যাওয়ায় বিপৎসীমা স্থিতিশীল রয়েছে। শনিবার সকাল ৬টায় যমুনার পানি বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিকাল ৩টায় ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
