Published : 14 May 2026, 09:39 PM
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করায় একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সেইসঙ্গে ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকালে শহরের বন্দেরবাড়ী এলাকায় ‘স্টার ব্রিকসে’ এ অভিযান পরিচালনা করা হয় বলে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান।
অভিযান নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুল।
ছামিউল আলম কুরসি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং পরিবেশের জন্য ক্ষতিকর ফিক্সড চিমনি ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটার ব্যবস্থাপক তপন আহমেদ এজাজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরে ইটভাটার ফিক্সড চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন রাতুল বলেন, সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জামালপুরে একটি ভাটার অবৈধ ফিক্সড চিমনি পুরোপুরি ধ্বংস করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ছামিউল আলম কুরসি বলেন, এ জেলায় চারটি ফিক্সড চিমনিযুক্ত ইটভাটা ছিল। এর মধ্যে গত দুই সপ্তাহে দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। আজকে একটি এবং অন্যটিতে দ্রুত অভিযান চালানো হবে।
অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।