২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ‘জমি নিয়ে বিরোধের জেরে’ মা-ছেলেকে ‘নির্যাতন’

মা-ছেলেকে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 12:34 AM

Updated : 26 Aug 2026, 10:47 AM

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে মা-ছেলের হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। 

বুধবার রাতে শিবচর থানার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানাজানি হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চর কামারকান্দি গ্রামে প্রয়াত আনোয়ার মাদবরের স্ত্রী আছুরা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশীর বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও করেন আছুরা। বর্তমানে আদালতে মামলাটি বিচারাধীন। 

এ অবস্থায় বুধবার রাতে প্রতিপক্ষ তার লোকজন নিয়ে আছুরার বসতঘরে হামলা চালায়। 

মারতে মারতে আছুরা ও তার ছেলে সাজ্জাদ মাদবরকে ঘর থেকে বাহিরে নিয়ে আসেন।

এরপর মা ও ছেলেকে উঠানে এনে রঁশি দিয়ে হাত-পা বেঁধে লাঠি দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

একপর্যায়ে বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। 

পরে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে আছুরা ও সাজ্জাদকে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

ঘটনার পর থেকে নির্যাতনকারীরা পলাতক। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

নির্যাতনের বিচার দাবি করেছেন ওই মা-ছেলের স্বজন ও এলাকাবাসী। 

এ ব্যাপারে প্রতিবেশী রশিদ মাদবরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেয় পুলিশ।

এদিকে, হাসপাতালের বিছানায় শুয়ে সাজ্জাদ মাদবর বলেন, “আমাদের হাত-পা বেঁধে মারধর করার সময়ে বার বার শুধু বলছে, কেন আমরা জমি নিয়ে মামলা করেছি?”

মাদারীপুরের শিবচর থানার ওসি মোক্তার হোসেন বলেন, “ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।”