সিলেটে ঝোপ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে।
সিলেটে এক ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুরের পীরেরগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান।
নিহত সমর আলী (৬৫) ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালখা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. হারুনুর রশিদ বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর ব্যবসার কাজে বের হয়েছিলেন তিনি।
“সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”
জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে সাংবাদিকদের বলেন, “নিহতের ডান কাঁধে জখম রয়েছে। লাশটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
