১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মহাস্থানগড়ের মূর্তি: আসল নাকি প্রতিরূপ, পরখ করবেন বিশেষজ্ঞরা

২০০৭ সালে ফ্রান্সের এক প্রদর্শনীতে পাঠানো হয় ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 12:58 AM

Updated : 26 Aug 2026, 03:43 PM

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি প্রতিরূপ, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে কমিটির সদস্যরা তদন্তের অগ্রগতি, গৃহীত পদক্ষেপ এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তদন্ত কমিটির মেয়াদ ১৫ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “আশা করছি, বর্ধিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম শেষ হবে।”

বৈঠকে সিদ্ধান্ত হয়, মূর্তিগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। 

২০০৭ সালে ফ্রান্সে আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য মহাস্থান জাদুঘর থেকে ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়। ফেরত আসার পর সেগুলো জাদুঘরের স্টোর রুমে পড়ে আছে। 

এ বিষয়ে গত ১১ মে উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ উঠলে তিনি জরুরি ভিত্তিতে তা তদন্তের নির্দেশ দেন।