২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে জাবিতে জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন

বিজয় শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিতে নির্মিত ‘অদম্য-২৪’-এর পাদদেশে গিয়ে শেষ হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 09:38 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। 

পরে সেখান থেকে একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিতে নির্মিত ‘অদম্য-২৪’-এর পাদদেশে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভবনে ‘জুলাইয়ে জাহাঙ্গীরনগরের অবদান’ শীর্ষক ‘জাগরণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “১৯৭১ সালের মহান স্বাধীনতার চেতনা যেমন আজও আমাদের শিহরিত করে, ঠিক তেমনি ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং শহীদদের রক্তের ঋণ আমাদের চিরকাল মনে রাখতে হবে। আমরা আজ যে ভয়হীন পরিবেশে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে বিচরণ করছি, তার পেছনে রয়েছে এক বিশাল আত্মত্যাগ। মাত্র দুই বছরের ব্যবধানে সেই আত্মত্যাগ ভুলে যাওয়া কোনোভাবেই কাম্য নয়।”

তিনি বলেন, “একটি আন্দোলনকে জীবিত রাখতে হলে শিল্পী, সাহিত্যিক এবং গবেষকদের কলমের মাধ্যমে সেই স্মৃতিকে ধরে রাখতে হয়। সংগীত, কবিতা ও নাটকের মধ্য দিয়ে শহীদদের এই মহিমান্বিত স্মৃতিকে নতুন প্রজন্মের হৃদয়ে জাগ্রত রাখতে হবে।”

পরস্পরের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ফ্যাসিস্ট ও পরাজিত শক্তির কৌশল ছিল বলে বর্ণনা করে উপাচার্য বলেন, “এই নতুন সময়ে আমাদের উচিত শিষ্টাচার বজায় রাখা এবং জুলাইয়ের সেই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, অফিসার সমিতির সভাপতি মো. আজমল আমীন, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৬টায় জাকসুর উদ্যোগে ‘৩৬ জুলাই জাকসু রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম এর উদ্বোধন করেন।

এতে জাকসুর ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হাসান কিরণসহ জাকসু নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে।