২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে গবেষণাকর্মের ‘পোস্টার প্রেজেন্টেশন’ প্রতিযোগিতা

শিক্ষার্থীরা তাদের স্নাতক ও স্নাতকোত্তরের থিসিস, সিনিয়র প্রজেক্ট এবং রিসার্চ মনোগ্রাফ কোর্সের আওতায় সম্পন্ন গবেষণাগুলো পোস্টার আকারে উপস্থাপন করেন।

শাবিতে গবেষণাকর্মের ‘পোস্টার প্রেজেন্টেশন’ প্রতিযোগিতা
শাবিতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণাকর্মের ‘পোস্টার প্রেজেন্টেশন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 07:14 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণাকর্মের ‘পোস্টার প্রেজেন্টেশন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সমাজবিজ্ঞান বিভাগে সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

‘পোস্টার প্রজেন্টেশন’ শেষে দুপুর ১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ১০২ গ্যালারি কক্ষে সেরা তিনজনকে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

গবেষণাপত্র উপস্থাপন প্রতিযোগিতায় আকলিমাতুল জান্নাত ফাবিয়া প্রথম, আবদুল্লাহ হারিস পাশা দ্বিতীয় এবং শাহজালাল আহমেদ, নাজনীন সুলতানা, সাদিয়া রহমান ও পরমা রহমান যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে শাবিপ্রবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক মো. আল আমিনের সভাপতিত্বে এবং বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল গনি এবং সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহ মো. আতিকুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া এ অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা তাদের স্নাতক ও স্নাতকোত্তরের থিসিস, সিনিয়র প্রজেক্ট এবং রিসার্চ মনোগ্রাফ কোর্সের আওতায় সম্পন্ন গবেষণাগুলো পোস্টার আকারে উপস্থাপন করেন।

গবেষণাকর্ম অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জসিম উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুনতাহা রাকিব এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস।

প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য ফেরত অভিবাসী নারীদের পুনর্বাসন অভিজ্ঞতা থেকে শুরু করে হিজড়া জনগোষ্ঠীর রূপান্তরময় জীবন কিংবা জলবায়ু সংকটে প্রান্তিক মুন্ডা জনগোষ্ঠীর সংগ্রামসহ সমসাময়িক সমাজের নানা গুরুত্বপূর্ণ ইস্যু উপস্থাপনায় উঠে আসে।