সিলেটে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদা দাবি, আটক ৯ জন কারাগারে
বুধবার মধ্যরাতে বালু ও পাথর শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবির সময় তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বালু ও পাথর শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে নয়জনকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার মধ্যরাতে উপজেলার দয়ার বাজারের পূর্ব ধলাই কিন্ডার গার্টেনের পাশে নৌকা ঘাট থেকে তাদের আটক করা হয় বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বদিউজ্জামান জানান।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কালীবাড়ি গ্রামের নূর আহমদ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তাদের মধ্যে দুই থেকে তিনজন শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার বুরদেও গ্রামের আবু সাঈদ রবিন (২২), একই গ্রামের শাহজাহান আহমদ (১৯), পাড়ুয়া নোয়াগাঁওয়ের আরিফ হাসান জুবায়ের (২৭), টুকের বাজারের মো. রাজন মিয়া (২৫), শাকেরা গ্রামের দিদার হোসেন (২৫), কাঁঠালবাড়ির সেলিম মিয়া (২৫), শাহ আরেফিন গ্রামের মো. রফিকুল ইসলাম (২৬), বটেরতলের নাসির মিয়া (২৫) এবং বাহাদুরপুর এলাকার সোলায়মান (২৭)।
বাদী নূর আহমদ সাংবাদিকদের বলেন, বুধবার গভীর রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আবু সাঈদের নেতৃত্বে কয়েকজন যুবক বালু ও পাথর শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেন।
খবর পেয়ে এলাকার লোকজনের সহায়তায় নয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান তিনি।
আটকরা নিজেদেরকে কোম্পানীগঞ্জ উপজেলার ‘সমন্বয়ক’ হিসেবে পরিচয় দেন; যাদের কারো ছাত্রত্ব নেই বলে দাবি নূর আহমদের।
ওসি বদিউজ্জামান বলেন, চাঁদাবাজির মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
