যুবলীগ নেতাকে ব্যারাকে আপ্যায়ন: পরিদর্শকসহ ৬ পুলিশ প্রত্যাহার
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
বরগুনার আমতলী পৌর যুবলীগ সভাপতিকে ব্যারাকে আপ্যায়ন, অনৈতিক সুবিধা দেওয়ার বিষয়টি সামনে আসার পর পরিদর্শকসহ আদালত পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার মঙ্গলবার বলেন, সোমবার বিকালে আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত থেকে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সদস্যরা হলেন- আদালত পরিদর্শক বশির আলম, এএসআই মামুন, কনস্টেবল আশীষ, মো. ফয়সাল, সোহরাব মিয়া ও শাহদাত হোসেন।
ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হন আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসান। তিনি ২ সেপ্টেম্বর আমতলী আদালতে হাজিরা দিতে যান। তখন পুলিশ সদস্যরা তাকে ব্যারাকে নিয়ে আপ্যায়ন করেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ব্যারাকে পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আরিফ। তাকে ভাত তুলে দিচ্ছেন আদালত পরিদর্শক বশির আহম্মেদ। এ সময় সেখানে দুজন নারী, দুজন পুরুষ এবং এক শিশুকেও দেখা যায়।
পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, “আদালতের গারদখানার সংস্কার কাজ চলছে। এ কারণে এক আসামিকে ব্যারাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভাত খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। বিষয়টি নজরে এলে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
