২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে যশোরে বিক্ষোভ

আড়াই ঘণ্টা বিক্ষোভকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আসমা বেগম এসে তাদের বক্তব্য শুনেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 07:40 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

এইচএসসি পরীক্ষা বিলম্বে স্থগিত ঘোষণার প্রতিবাদে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। 

এ সময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের অপসারণ দাবি করেন। 

মঙ্গলবার দুপুরে প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আসমা বেগম এসে তাদের বক্তব্য শুনেন। পরে তিনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।

এদিন বেলা ১১টার দিকে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হন। এ সময় তারা দেশে শোকাবহ একটি ঘটনা ও রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও কেন এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণায় বিলম্ব হল তার ব্যাখ্যা চেয়ে বিক্ষোভ শুরু করেন। 

এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা ফটক বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা তখন ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা মূল ভবনে প্রবেশ করতে গেলে সেখানকার কলবসিবল গেইট আটকে দেওয়া হয়। 

পরীক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতদের সঠিক সংখ্যা জানানো ও এক প্রশ্নে এইচএসসি পরীক্ষা গ্রহণ।