Published : 31 Aug 2025, 04:50 PM
সুন্দরবনের বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও সবার জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বনবিভাগ বলছে, তিনমাস বন্ধ থাকায় বনের বন্যপ্রাণী অবাধে বিচরণ করেছে এবং তারা নিরাপদে প্রজনন করতে পেরেছে বলে তারা ধারণা করছেন। সেই সঙ্গে বনের নদীখালে মাছের উৎপাদনও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
প্রতি বছর ১ জুন থেকে ৩১ অগাষ্ট তিনমাস সুন্দরবনে সব শ্রেণিপেশার মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ করে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “টানা তিন মাস বনের নদীতে মাছ ধরা ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। জুন থেকে জুলাই এই সময়টা মাছের প্রজনন মৌসুম। এই সময় মাছের পেটে ডিম থাকে।
“এই সময়ে যদি মাছ আহরণ না করা হয় তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এই কারণে বনে সবার প্রবেশ নিষিদ্ধ রাখে সরকার। এই তিন মাস পর্যটকদেরও প্রবেশ নিষিদ্ধ রাখা হয়।”
তিনি বলেন, “বনে মানুষের প্রবেশ না থাকায় বন্যপ্রাণী তাদের মত করে চলাফেরা করতে পেরেছে। প্রকৃতিকে একটু রেস্ট দিতে হবে। বন্ধের মধ্যে কিছু অসাধু চক্র বনের মধ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করেছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।”
প্রথমে ২০১৯ সাল থেকে জুলাই ও আগষ্ট দুই মাস এবং পরে ২০২২ সাল থেকে আরও এক মাস বাড়িয়ে মোট তিন মাস সুন্দরবনে সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়।