১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে বৃদ্ধাকে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে

চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রাম থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 05:56 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পুত্রবধূসহ দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।  

ইন্দুরকানী থানার ওসি মহব্বত খান বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রাম থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।  

নিহত নমিতা রানী (৮০) ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী। 

রাধে শ্যাম বলেন, রাত ৯টার দিকে তিনি বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন। স্ত্রী তখন খাটে শুয়ে ছিলেন। কোনো সাড়া না পেয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন। এ সময় খাটের পাশে তার হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গলায় ক্ষতের চিহ্ন রয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, নারীঘটিত একটি বিষয়ের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। 

ওসি মহব্বত খান বলেন, এ ঘটনায় নিহতের পুত্রবধূ ও তার এক নিকটাত্মীয়কে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।