Published : 08 May 2026, 11:48 PM
নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে একদল লোক। গুরুতর অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বালুর চাতালের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান।
আহত মো. সিরাজুল ইসলাম (৫১) উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি রায়পাশা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কাজ শেষে সিরাজুল ইসলাম ও তার সহযোগী আকিদুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে লুকিয়ে থাকা একদল লোক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে সিরাজুলের ওপর হামলা চালায়।
হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে সিরাজুলকে কুপিয়ে জখম করে। এ সময় সিরাজুলের সহযোগী আকিদুল দৌড়ে পার্শ্ববর্তী লোকজনদের খবর দেন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসক।
হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন ওসি আব্দুর রহমান।
সিরাজুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটাকোল ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থীর আলোচনায় আছেন। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে পরপর পাঁচ বার নির্বাচিত হয়েছিলেন।