১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পড়েন যাত্রীরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 06:17 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে পরীক্ষার নেওয়ার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। 

মঙ্গলবার বেলা ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত মহাসড়কের নগরজালফৈ এলাকায় তারা এ কর্মসূচি পালন করে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মিয়া জানিয়েছেন।

এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পড়েন যাত্রীরা। 

এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবিগেুলো হল- পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীবান্ধব ও সিলেবাসভিত্তিক করতে হবে, শিক্ষাক্ষেত্রে রাজনীতি বন্ধ করতে হবে এবং নতুন পরীক্ষাপদ্ধতি চালুর আগে শিক্ষার্থীদের মতামত নিতে হবে।

আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আন্দোলন অংশগ্রহণকারী এইচএসসি পরীক্ষার্থী মীম বলেন, “দেশজুড়ে বন্যা এবং অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে উল্টো কঠিন প্রশ্ন দেওয়া এবং এ নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানাই।”

শিক্ষার্থী নীলা আহমেদ বলেন, “এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। জোর করে পরীক্ষা নিতেছেন। সোমবার রসায়ন পরীক্ষা ছিল। আমরা বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিয়েছি। অনেকের জ্বর হয়েছে। বৈরী আবহাওয়ায় অনেক ছাত্রছাত্রী পরীক্ষা হলে উপস্থিত হতে পারেনি।” 

এ শিক্ষার্থী বলছে, “এছাড়া প্রশ্নপত্রে ভুল আর খুবই কঠিন ছিল। এটা কি মানার বিষয়? আমাদের জ্বর আসছে শুনে শিক্ষামন্ত্রী আমাদের কটুক্তি করেছে। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।”