২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ কুকুরছানা হত্যা: জামিন পেলেন সেই সরকারি কর্মকর্তার স্ত্রী

এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে মামলা করেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 11:00 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা মামলায় সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত। 

রোববার দুপুরে পাবনা আমলী আদালত-২ এর বিচারক তারিকুল ইসলাম শুনানি শেষে জামিনের আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশফেকা জাহান কণিকা জানান। 

তিনি বলেন, “মামলাটি জামিনযোগ্য হওয়ায় এবং নারী বিবেচনায় জামিন মঞ্জুর করেছে আদালত। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর আদালতে প্রয়োজনে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ১১ জানুয়ারি পরবর্তীতে হাজিরার দিন ধার্য করা হয়েছে।”

নিশি রহমান ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।

মামলার বরাতে আইনজীবী বলেন, রোববার রাতে সবার অগোচরে বস্তার মধ্যে আটটি কুকুরছানা ঢুকিয়ে বেঁধে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেওয়া হয়। পর দিন সকালে পুকুর থেকে কুকুরছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে মামলা করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। 

পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, “এই পদক্ষেপ নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে নেওয়া হয়েছে। অভিযোগ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পশুদের প্রতি হিংস্রতা রোধ করাই মূল লক্ষ্য।”

আরও পড়ুন:

৮ কুকুরছানা হত্যা: ঈশ্বরদীর সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যা: ঈশ্বরদীর এক কর্মকর্তাকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ

পাবনায় ৮ কুকুরছানা বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ