২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন; তারা বিনা ময়নাতদন্তে মরদেহটি নেওয়ার জন্য আবেদন করেছেন, বলেন ওসি।

সিলেটে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু
সাদ্দাম হোসেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 05:00 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

সিলেটের জৈন্তাপুরে বিজিবির টহল দলের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এক প্রতিনিধির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে তামাবিল হাইওয়ে থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন।

নিহত সাদ্দাম হোসেন (৩৫) রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। তিনি বিকন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন।

ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সাদ্দাম হোসেন জৈন্তাপুর উপজেলার একটি এটিএম বুথে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেলে নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকা দরবস্তের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। 

এ সময় সিলেটের আখালিয়া থেকে ৪৮-বিজিবির একটি টিম নিয়মিত সীমান্ত টহল ও দায়িত্ব পালনের অংশ হিসেবে তামাবিলের দিকে যাচ্ছিল। 

“পথে সরুফৌদ পাথরঘাটা মসজিদ সংলগ্ন স্থানে বিজিবির গাড়ি এবং সাদ্দাম হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন নিহত হন।”

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন; তারা বিনা ময়নাতদন্তে মরদেহটি নেওয়ার জন্য আবেদন করেছেন।

এ ঘটনায় বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সকালে বিজিবি সদস্যরা দুটি পিকআপে করে গোয়াইনঘাট যাওয়ার পথে তাদের গাড়িকে একটি বেসামরিক পিকআপ অতিক্রম করে। 

“এ সময় বিপরীত দিক থেকে আসা হেলমেটবিহীন মোটরসাইকেল চালক বেসামরিক পিকআপের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিছলে পড়ে যান। এতে মোটরসাইকেল আরোহীর মাথায় গুরুতর জখম হয়।”

বিজিবির পিকআপ চালক ঘটনাটি দেখে সংঘর্ষ এড়াতে তাৎক্ষণিক গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।