২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র উপদেষ্টা-প্রক্টর-প্রাধ্যক্ষ পেল শাহজালাল বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতির অবসান ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি উত্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা তিন দাবি জানিয়েছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 08:42 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও ছয়টি হলে প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে  পাঠানো আলাদা অফিস আদেশে এসব নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।

আদেশে একযোগে ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের হল প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। 

ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক পদে গণিত বিভাগের অধ্যাপক মো. এছাক মিয়া, প্রক্টর হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ছেলেদের তিনটি আবাসিক হলের মধ্যে শাহপরাণ হলের প্রাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ার অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ইফতেখার আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং সৈয়দ মুজতবা আলী হলে রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিমকে দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, মেয়েদের তিনটি আবাসিক হলের মধ্যে প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান; বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক সাবিহা আফরিন এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক সালমা আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে। 

নতুন প্রশাসনিক আট দায়িত্বরতকে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে পুণরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়ার কথা অফিস আদেশে বলা হয়েছে। 

নিয়োগ পাওয়া সবাই দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

নিয়োগের বিষয়টি তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১০ দফা

ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতির অবসান ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি উত্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে লিখিত আকারে দাবিগুলো উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক সাস্ট সায়েন্স অ্যারেনার সভাপতি মো. সিরাজুল হক আবির।

দাবিগুলো হল- ১. দ্রুততম সময়ের মধ্যে ক্লাস-পরীক্ষা চালু করা; ২. ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত; ৩. গত ২৬ অগাস্ট বহিরাগত দ্বারা জোর করে আবাসিক হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার ফলে যে সমস্যার সৃষ্টি হয়, দ্রুত তার সমাধান; হল-রিফরমেশন কমিটির গ্রহনযোগ্যতা নিশ্চিত এবং সুস্পষ্ট নীতিমালা প্রকাশ করা; ৪. মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো থেকে নিরাপরাধ সাধারণ শিক্ষার্থীদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদক্ষেপ নেওয়া; ৫. দলীয় রাজনীতির প্রভাবমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা; ৬. প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট বডি এবং ছাত্র উপদেষ্টাসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা শিক্ষার্থীবান্ধব; ৭. ক্যাম্পাসের সব অনুমোদিত অরাজনৈতিক সংগঠনগুলো যেন তাদের কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারে সেটা নিশ্চিত করা; ৮. ছাত্র-শিক্ষক সম্পর্ক বাড়াতে ছাত্রদের মতামত নেওয়ার ব্যবস্থা এবং জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করা; ৯. পাশাপাশি ছাত্রদের অধিকার আদায়ের জন্য স্টুডেন্ট কেবিনেট গঠন; সেক্ষেত্রে যেকোনো ধরনের দলীয় রাজনীতির প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত করা; ১০. শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসন করা এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আবাসিক হলে সিট বন্টনসহ আবাসিক হলগুলোকে সম্পূর্ণরূপে দলীয় রাজনীতি মুক্ত করা।

এসব দাবি উত্থাপনের সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আওতাধীন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান ও কিন, ভ্রমণবিষয়ক সংগঠন সাস্ট ট্যুরিস্ট ক্লাব, সাস্ট সায়েন্স অ্যারেনা ও সাহিত্য ও আবৃত্তি বিষয়ক সংগঠন শাবিপ্রবি মাভৈঃ আবৃত্তি সংসদের নেতারা ছিলেন।

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের তিন দাবিতে স্মারকলিপি

সমতল ও পার্বত্য আদিবাসী, চা শ্রমিক এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাক্ষেত্রে নানা বৈষম্যের কথা উল্লেখ করে তিন দফা দাবিতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কাছে স্মারবলিপি দেওয়া হয়েছে।

এসব ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা নিজেদের সুবিধাবঞ্চিত শিক্ষার্থী উল্লেখ করে বুধবার দুপুরে উপাচার্য সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেন।

দাবিগুলো হল- ১. সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে বিশেষ সুবিধায় ১০ নম্বর পার্থক্যের নিয়ম ২০২৩ সাল থেকে চালু করা হয়েছে যা আমাদের মত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন পূরণ করার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাই এই নিয়ম বাতিল করে পূর্ববর্তী নিয়ম চালু করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা নানা প্রতিকূলতা সম্মুখীন হয়। এসব প্রতিকূলতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করা অনেক কঠিন হয়ে পড়ে। তাই সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসন হলে সংরক্ষিত কক্ষ অথবা সিট বরাদ্দ রাখা। 

৩. সিলেটের চা শ্রমিক শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এজন্য বিশেষ সুবিধার নীতি চালু করা। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের এ সুবিধা প্রয়োগ করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া যেতে পারে।

এ স্মারকলিপিতে উপাচার্যের কাছে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা নানা বৈষম্যের কথা তুলে ধরেন।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীরা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছে। তাই জাতীয় জীবনে আদিবাসী শিক্ষার্থীরা বিভিন্ন খাতে বৈষম্যের শিকার। দেশের প্রতিবন্ধী এবং সিলেটে অবস্থানরত চা শ্রমিকদের সন্তানেরাও এই বৈষম্যের শিকার। প্রতিবন্ধীরা আর্থিক এবং সামাজিকভাবে বৈষম্যের শিকার হন।

স্মারকলিপি দেওয়ার সময় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুধীর খীসা, ফুড ইঞ্জিনিয়ার অ্যান্ড টি টেকনোলজি বিভাগের  শিক্ষার্থী শুভ তঞ্চঙ্গা, সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী মং হ্লা মং মারমা, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শোয়ে কি প্রু মারমা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী নাইনাইউ রাখাইন ছিলেন।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।