২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন স্ত্রী রাহাত আরা

সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 08:16 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাইলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

রোববার বিকালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে রাহাত আরা বেগম বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি।

“আসন্ন নির্বাচনে আপনাদের অতি পরিচিত মানুষ আমার স্বামী মির্জা ফখরুল ভোট করছেন। তিনি বহু অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন এগুলো আপনারা সকলেই জানেন। মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের গর্ব।”

তিনি বলেন, “তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটি হল- আপনারা এক হয়ে মির্জা ফখরুলের ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আপনাদের ভোট বিপ্লবের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুশাসন নিশ্চিত করা সম্ভব।”

সভায় বালিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাহফুজা বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিন।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গড়ার পরিকল্পনায় নারী সমাজকে আরও সংগঠিত ও সচেতনভাবে এগিয়ে আসতে হবে।