পাবনায় সমন্বয়কে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ।
আহত ইব্রাহিম হোসেন পৌর শহরের পূর্বটেংরি এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে ইব্রাহিম তার এক বন্ধুর সঙ্গে কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এ সময় তিন থেকে চারজনের একটি দল হাতে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে ইব্রাহিম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এ ঘটনার পর ইব্রাহিম হোসেন ফেইসবুক লাইভে এসে হামলার ব্যাপারে বলেন, “পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শাকিল হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়।”
এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন এই সমন্বয়ক।
ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।
এ বিষয়ে পাবনা জেলার সমন্বয়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, “ইব্রাহিম আমাদের আন্দোলন সংগ্রামে শুরু থেকেই ছিলেন। তবে কারা তার ওপর হামলা করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করছি।”
হামলার বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা শাকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
