২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ পাঁচসহ আহত ৮

গুলিবিদ্ধ হয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 01:43 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

মুন্সীগঞ্জ সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুলিবিদ্ধসহ মোট আটজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান। 

মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারীর পক্ষের লোকজন সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা পক্ষের শওকতের লোকদের উপরে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় গুলিবিদ্ধ বাবুল বেপারী (৪৭), ইখতিয়ার বেপারী (২৬), আব্দুর রব (৫৫), মহিউদ্দিন শেখ (৩৪), আসলাম মোল্লাকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে বর্তমান চেয়ারম্যানের পক্ষের আল আমিন, অনিক, রিয়ন, মেহেদীসহ ১০-১২ জন মুন্সিকান্দি এলাকায় সাবেক চেয়ারম্যানের পক্ষের শওকতের সমর্থকদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। 

এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আট জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কালাম প্রধান বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় পাঁচ জন হাসপাতালে এসেছিল। তাদের হাতে পায়ে বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, “রিপন ও কল্পনা দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”