সেতু সংস্কারের সময় ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
রেল পুলিশ বলছে, অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে।
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শ্রমিকের প্রাণ গেছে।
রোববার সকালে উপজেলার ঘোড়াশাল রেল স্টেশনের পাশে পুরাতন রেল ব্রিজে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল্লাহ হিরো জানান।
নিহত ৬০ বছর বয়সী মুনসুর আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাকুলি গ্রামের তান্দাইল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই শহিদুল্লাহ বলেন, “মুনসুরসহ আরও ৭ থেকে ৮ জন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের পুরানো রেল ব্রিজ সংস্কারের কাজ করছিলেন।
“ওই সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনটি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ওই ট্রেনে কাটা পড়ে মুনসুরের মৃত্যু হয়।”
এ সময় জীবন বাঁচাতে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আরও দুই শ্রমিক আহত হন। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বলে জানান এসআই।
তিনি বলেন, “কাজ করার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। পরিবাদের দাবির প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
