Published : 03 Jun 2026, 05:19 PM
আন্তর্জাতিক আইন অমান্য করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ আবার কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে।
তবে স্থানীয়দের খবরে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বলে জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ও পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউপি সদস্য লাইজুর রহমান।
আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণের বিধান নেই। অভিযোগ রয়েছে, সেই নিয়ম উপেক্ষা করেই বিএসএফ সদস্যরা সীমান্তের কাছাকাছি এলাকায় বেড়া নির্মাণের কাজ শুরু করে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে বেড়া মেরামত করছিল বিএসএফ সদস্যরা।
কিন্তু মঙ্গলবার রাতে শূন্যরেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে তারা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু বিএসএফ সদস্যরা বেশ কিছু এলাকা জুড়ে তাঁরাকাটা দিয়ে ফেলে। এরপর থেকে বিজিবি কঠোর অবস্থান নেয়।
ইউপি সদস্য বলেন, “পুরাতন বা জং ধরলে বা পুরাতন হওয়ার কারণে কাঁটাতারের বেড়া কোথাও ছিঁড়ে পড়লে বিএসএফ মাঝেমধ্যে সেগুলো মেরামত বা নতুন করে সংযোজন করে, এটা তেমনি একটি ঘটনা।
“কিন্তু আমরা খেয়াল করি, যখন তারা তা করে তখন একটু হলেও জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের অভ্যন্তরের দিকে করার প্রবণতা দেখা যায়। এরই ধারাবাহিকতায় গতরাতে (মঙ্গলবার) কাঁটাতারের বেড়া মেরামত করতে আসলে নতুন করে বেড়া দেয়া চেষ্টা করে, তখনি আমরা ও বিজিবি বাধা দেই।”
এ ব্যাপারে জানতে জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। অন্য এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে অপারগতা জানান।