রাজশাহীতে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, ১৪৪ ধারা
গোদাগাড়ী পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেন।
তিনি বলেন, “মঙ্গলবার বিকাল ৫টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”
নেতাকর্মীরা জানান, বুধবার পৌরসভা এলাকার মহিষালবাড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেন। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল শরীফ উদ্দিনের। গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি থেকে কাকনহাট পৌরসভা দুরত্ব ১৯ কিলোমিটার।
অন্যদিকে গোদাগাড়ী উপজেলা বিএনপি বুধবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। সাত দিন আগে আবেদন করে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেন উপজেলা বিএনপির নেতারা।
এ অনুষ্ঠানে থাকার কথা বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক, প্রকৌশৈলী কে এম জুয়েল, ব্যারিস্টার মাহফুজুল হক মিলন, আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের।
বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানের প্রস্তুতির সময় শরীফ উদ্দিনের পক্ষের অনুসারীরা বাধা দেয় বলে অভিযোগ করেন প্রতিপক্ষ। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, “এক সপ্তাহ আগে প্রশাসনের অনুমতি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছিল। আজ বিকালে সেখানে মঞ্চ তৈরি করতে গেলে শরীফ উদ্দিনের অনুসারীরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা অন্যায়ভাবে আমাদের প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠান করতে দিল না। দুটি অনুষ্ঠানস্থলের দূরত্ব এক কিলোমিটার।”
তিনি বলেন, “শরীফ উদ্দিনের অনুসারীরা তাদের ইউনিটের বাইরে ১৯ কিলোমিটার দূরে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে, সেখানে আমরা কিছু বলিনি। কারণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী তাদের মত তারা করবে, আমাদের মত আমরা করবো।”
ইউনিটের বাইরে ১৯ কিলোমিটার দূরে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করার বিষয়ে জানতে চাইলে কাকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার বলেন, “শরীফ উদ্দিনের নির্দেশে সেখানে আয়োজন করা হয়েছিল। এখন যেহেতু ১৪৪ ধারা জারি হয়েছে সেহেতু আমাদের নেতার সঙ্গে রাতে কথা বলে সিদ্ধান্ত নেব। পৌরসভার বাইরে করা গেলে সেখানে করা হবে।”
গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শান্তি বজায় ও আইন-শৃঙ্খলা রাক্ষর্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “আগেই দুপক্ষ সভার বিষয়টি আমাদের অবগত করেছিল। যেহেতু দুই অনুষ্ঠানের দূরত্ব এক কিলোমিটার, সে কারণে অনুমতি দেওয়া হয়েছিল। তবে যেহেতু অনুষ্ঠানের আগেই দিনই দুপক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে তাই গোদাগাড়ী পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
